পরিবহন ব্যবসায়ী থেকে ডাকাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি পিকআপ আর একটা মিনি কাভার্ড ভ্যানের মালিক বোরহানউদ্দিন। ঘরে সচ্ছলতার ছাপ স্পষ্ট। এলাকাবাসী তাঁকে চেনেন কম কথা বলা ধর্মভীরু মানুষ হিসেবে। এই বোরহানই যে আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া বোরহান, তা বিশ্বাস করতে সময় লেগেছে ওই এলাকা অর্থাৎ কালিয়াকৈরের চন্দ্রার ভাতারিয়ার মানুষের। তাঁদের ধারণা, শুধু টাকার জন্য নয়, কোনো আদর্শের টানেই তিনি ডাকাতিতে গিয়েছিলেন।
ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক এস এম মাহাফুজুল হক নুরুজ্জামান মনে করেন, জামায়াত-শিবিরের জঙ্গিরা ওই ডাকাতি করে থাকতে পারে। গত বুধবার তিনি বলেন, বোরহানের বাসা থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে। নিছক ডাকাতি নয়, পূর্বপরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্যই তারা এ কাজ করেছে।
মঙ্গলবার আশুলিয়ার কাঠগড়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতদের গুলি, বোমা হামলা ও ছুরিকাঘাতে নিহত হন সাতজন। এর মধ্যে ব্যাংকের ব্যবস্থাপক, গ্রাহক এবং ডাকাতদের ধরতে আসা মানুষও রয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ১৬ জন। আর মোটরসাইকেল নিয়ে পালানোর সময় ধাওয়া করে তিন ডাকাতকে ধরে পিটুনি দেয় জনতা। এঁদের একজন মারা গেছেন। বাকি দুজনের একজন বোরহান, অন্যজন সাইফুল।
মঙ্গলবারই পুলিশ জানিয়েছিল, আশুলিয়ার কাছেই গাজীপুরের চন্দ্রায় মহাসড়কসংলগ্ন এলাকায় ডাকাতদের একজনের বাসা। মঙ্গলবার রাতেই আশুলিয়া থানার পুলিশ বোরহানের বাসায় তল্লাশি চালিয়ে এক ব্যাগ ‘জিহাদি বই’ উদ্ধার করে।
ঢাকা থেকে চন্দ্রা ত্রিমোড়ে আসার এক কিলোমিটার আগে বাঁয়ে নেমে যাওয়া পথ ধরে আধা কিলোমিটার গেলে সেই বাড়ি। লোকজন চেনেন রমজান মিয়ার বাড়ি হিসেবে। ভাতারিয়া গ্রামের ওই বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন ‘পিকআপ ভ্যান ব্যবসায়ী’ বোরহানউদ্দিন। পাশের এক বাসায় বোরহানের গাড়িচালক পরিচয়ে ভাড়া থাকতেন একজন। তিনি মঙ্গলবার বিকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে বাসা ছেড়ে যান।
বুধবার দুপুরে বোরহানের ভাড়া বাসায় গিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে পুলিশ তল্লাশি চালিয়ে ঘরে নতুন তালা লাগিয়ে গেছে। দরজার পাশের জানালা খোলা। জানালা দিয়ে দেখা যায়, বিছানার ওপর একটি ব্রিফকেস ও মুঠোফোনের মোড়ক ও চার্জার পড়ে আছে। ঘরে ফ্রিজ, ওয়াটারকুলিং এয়ার কুলার, আইপিএসসহ প্রয়োজনীয় সব সামগ্রীই আছে।
প্রতিবেশীরা জানান, মঙ্গলবার টিভিতে ব্রেকিং নিউজ হিসেবে ডাকাতির খবর প্রচার হওয়ার সময় ওই জানালার পাশে বসে চার বছরের মেয়েকে ভাত খাওয়াচ্ছিলেন বোরহানের স্ত্রী। এর আড়াই-তিন ঘণ্টা পরে মেয়েকে নিয়ে বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান তিনি। আর ফেরেননি।
বাড়ির মালিকের স্ত্রী রূপজান বেগম বললেন, গত ১ মার্চ মাসিক সাড়ে চার হাজার টাকায় ভাড়ায় বাসা নিয়ে স্ত্রী-কন্যাসহ বসবাস শুরু করেন বোরহান। ওই এলাকায় বোরহান ১০-১৫ বছর ধরে থাকেন। আগে গাড়ি ধোয়া-মোছার কাজ করতেন। পরে তিনি পাঁচটি পিকআপের মালিক হন।
বাড়ির অন্য ভাড়াটেরা জানান, বোরহানের ঘরে তেমন কেউ আসতেন না। বোরহানের গাড়ির কর্মী পরিচয়ে একটি ছেলে মাঝেমধ্যে বাজার দিয়ে যেত। প্রতিদিন সকালে বের হয়ে বোরহান দুপুরে ভাত খেতে বাসায় আসতেন। বাসার অদূরে ভাইকিং সিএনজি পাম্পে তাঁর পিকআপগুলো থাকত। তিনি মোটরসাইকেলে যাতায়াত করতেন। বুধবার আশুলিয়ার আমতলা থেকে উদ্ধার হওয়া ডাকাতদের ব্যবহৃত মোটরসাইকেলটির ছবি মুঠোফোন থেকে বের করে দেখালে প্রতিবেশীরা নিশ্চিত করেন, এটিই বোরহানের মোটরসাইকেল।
পাশে বাসেত মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন বোরহানের গাড়িচালক। বাসেত মিয়ার স্ত্রী প্রথমে সাংবাদিক শুনে ভয় পেয়ে যান। আশ্বস্ত করা হলে তিনি বলেন, ছয় মাস আগে বোরহান এসে অনুরোধ জানালে তাঁর ওই গাড়িচালককে ঘরভাড়া দেন তিনি। স্ত্রী ও আড়াই বছরের মেয়েকে নিয়ে থাকতেন ওই চালক। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ওই গাড়িচালক হন্তদন্ত হয়ে ঘরে ঢোকেন। কয়েক মিনিটের মধ্যেই একটা হাতব্যাগ ও স্ত্রী-মেয়েকে নিয়ে বের হয়ে ঘরে তালা দেন। যাওয়ার সময় তাঁকে বলেন, তাঁর শাশুড়ির খুব খারাপ অবস্থা। তাই কয়েক দিনের জন্য গ্রামে যাচ্ছেন।
বুধবার দুপুর ১২টার দিকে ভাইকিং ফিলিং স্টেশন থেকে বোরহানের চারটি পিকআপ ও একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করে নিয়ে গেছে আশুলিয়া থানার পুলিশ। ওই ফিলিং স্টেশনের আশপাশের পরিবহন কর্মীরা জানান, বোরহান দীর্ঘদিন এই এলাকায় কাজ করছেন। তবে তাঁর ওই গাড়িচালকের বিষয়ে তাঁরা কোনো তথ্য জানাতে পারেননি।
ভাইকিং ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মনোরঞ্জন বলেন, বোরহানকে দেখে কেউ কখনো ভাবতেও পারেনি তিনি এ রকম ভয়ংকর কাজ করতে পারেন।