ফরিদপুরের সদরপুরে পারিবারিক কলহের জের ধরে নাইম খাঁ (১৮) নামের এক তরুণ খুন হয়েছেন। বড় ভাইয়ের ছুরিকাঘাতে তিনি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া নগরকান্দা উপজেলায় গতকাল রোববার রাস্তার পাশ থেকে হাত বাঁধা অবস্থায় ভাঙ্গার পরিবহন ব্যবসায়ী কৃষ্ণ চন্দ্র পোদ্দারের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহার ও নিহত তরুণের পরিবার সূত্রে জানা যায়, জমি ভাগাভাগি নিয়ে গত শনিবার রাতে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের মাতুব্বর খাঁর (৪৫) সঙ্গে তাঁর বড় ছেলে নজরুল খাঁর (২৪) বাগ্বিতণ্ডা হয়। রাত সাড়ে নয়টার দিকে এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বাবাকে মারতে দেখে ছোট ছেলে নাইম খাঁ (১৮) এসে বড় ভাই নজরুলকে বাধা দেন। একপর্যায়ে নজরুল ছোট ভাই নাইমের পেটে ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় নাইমকে সদরপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী নজরুলকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় গতকাল রোববার সকালে নিহত তরুণের বাবা বাদী হয়ে নজরুলের বিরুদ্ধে সদরপুর থানায় হত্যা মামলা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে নিহত তরুণের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
সদরপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে।
এদিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশায় গতকাল রাস্তার পাশ থেকে হাত বাঁধা অবস্থায় ভাঙ্গার পরিবহন ব্যবসায়ী কৃষ্ণ চন্দ্র পোদ্দারের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। কৃষ্ণ চন্দ্র পোদ্দার ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের মনোরঞ্জন পোদ্দারের ছেলে।
নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, কৃষ্ণ চন্দ্র তাঁর মিনিবাসে সুপারভাইজারের দায়িত্ব পালন করতেন। বাসটি ফরিদপুরের বিভিন্ন সড়কে চলাচল করত। গতকাল সকালে ফরিদপুর থেকে তাঁর বাসটির ট্রিপ থাকায় তিনি ভোর পাঁচটার দিকে গ্রামের বাড়ি চুমুরদী স্ট্যান্ড থেকে একটি মাইক্রোবাসে ফরিদপুরের উদ্দেশে রওনা দেন। সকাল সাতটার দিকে নগরকান্দার শংকরপাশা এলাকায় তাঁর লাশ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। এ সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কে চলাচলরত বাসের শ্রমিকেরা তাঁর লাশ চিনতে পেরে বাড়িতে খবর দেন। বাড়ির লোকজন গিয়ে সকাল আটটার দিকে লাশ ভাঙ্গায় বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে নগরকান্দা থানার পুলিশ ভাঙ্গার চুমুরদী গ্রাম থেকে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সৌমেন বলেন, ‘ওই ব্যবসায়ীর লাশ পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে নিয়ে আসার কারণে আমরা তাঁর গ্রামের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’
নগরকান্দা থানার এসআই আতিয়ার রহমান বলেন, নিহত ব্যক্তির হাত বাঁধা ছিল। তাঁর ডান চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।