গাইবান্ধায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
পরিবহন মালিকদের দ্বন্দ্বে সড়কে প্রাণ গেল শ্রমিকের
গাইবান্ধায় দুই পরিবহন মালিক সংগঠনের দ্বন্দ্বে গতকাল সোমবার এক মোটরশ্রমিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ দ্বন্দ্বের জের ধরে আজ মঙ্গলবার থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
নিহত শ্রমিকের নাম রায়হান আলী (৪০)। তিনি গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বগুড়া থেকে ভাই-বন্ধু পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার উদ্দেশে ছেড়ে আসে। সকাল ছয়টার দিকে গোবিন্দগঞ্জ শহরের চৌমাথা মোড়ে পৌঁছালে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির লোকজন বাসটি থামানোর চেষ্টা করেন। চালক বাসটি না থামিয়ে দ্রুত চলে যান। পরে বাসটি উপজেলার কোমরপুর বাজার এলাকায় পৌঁছালে মোটরশ্রমিক রায়হান আলী বাসটিকে থামানোর সংকেত দিয়ে মহাসড়কের ওপর দাঁড়ান। কিন্তু চালক বাস না থামিয়ে রায়হানকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন।
এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ছয়টার দিকে বিক্ষুব্ধ মোটরশ্রমিকেরা গোবিন্দগঞ্জ শহরের চৌমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এ সময় দুপাশে অনেক যানবাহন আটকা পড়ে। এক ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বাসটির মালিক, চালক ও সহকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রায়হানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত রায়হানের ভাই এখলাস মিয়া বলেন, ‘বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে আমার ভাই মারা গেল। আমি এর বিচার চাই।’
মোটর মালিক-শ্রমিক সূত্রে জানা যায়, গাইবান্ধায় মোটর মালিক-শ্রমিকদের দুটি সংগঠন রয়েছে। একটি জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এর কার্যালয় গাইবান্ধা জেলা শহরে। অপরটি জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। এটির কার্যালয় গোবিন্দগঞ্জ শহরে। যানবাহন চলাচল নিয়ে কয়েক দিন ধরে এ দুটি সংগঠনের দ্বন্দ্ব চলছে। গোবিন্দগঞ্জের যানবাহন গাইবান্ধায় চলতে দেওয়া হচ্ছে না। গাইবান্ধার যানবাহনও গোবিন্দগঞ্জের ওপর দিয়ে চলাচলে বাধা দেওয়া হচ্ছে। এর জের ধরে গতকাল গোবিন্দগঞ্জে গাইবান্ধার বাসটি ধরার চেষ্টা করা হয়। এতে রায়হান নামের ওই শ্রমিক মারা যান।
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘মালিক-শ্রমিক ঐক্য পরিষদ গোবিন্দগঞ্জের যানবাহন গাইবান্ধার সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর পথে চলাচল বন্ধ করে দিয়েছে। তাই আমরাও গাইবান্ধার যানবাহন গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠাচ্ছি।’
তবে জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মকবুল হোসেন বলেন, গত ২৫ সেপ্টেম্বর থেকে গোবিন্দগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি পরিচালিত যানবাহন অনিয়মতান্ত্রিকভাবে সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর পথে চলাচল শুরু করে। এর প্রতিবাদে আজ ধর্মঘট ডাকা হয়েছে।