পরিবহন শ্রমিক ও ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলা
চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগের নেতা-কর্মী ও মাইক্রোবাস মালিক-শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের মালিক মো. আবু তৈয়ব (৩৭) ও চালক রাখাল দাশ (২৮) এবং ছাত্রলীগের কর্মী কাজী মো. আনিস (১৮), মো. মহিউদ্দিন (২০) ও মো. সাজ্জাদ (২২)।
আবু তৈয়বকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংগঠন সূত্র জানায়, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের ছয়-সাতজন নেতা-কর্মী উপজেলা ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য টেম্পোযোগে স্থানীয় সাংসদের কার্যালয়ে যাচ্ছিলেন। থানার মোড় এলাকায় গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে মাইক্রোবাসের চালক রাখালের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের কথা-কাটাকাটি হয়। এ সময় রাখালকে মারধর করা হয়। এ ঘটনার জের ধরে মাইক্রোবাসের মালিক-শ্রমিকেরা ছাত্রলীগের ওই নেতা-কর্মীদের ওপর হামলা চালান। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে মাইক্রোবাসের মালিক-শ্রমিকদের ওপর হামলা চালান।
পটিয়া আদালত পুকুরপাড় মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর বলেন, পটিয়া থানার মোড়ের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীরা মাইক্রোবাসের মালিক আবু তৈয়বকে বেদম মারধর করেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মালিক-শ্রমিকেরা মাইক্রোবাস স্টেশনের সামনে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে মারধর করেন। খবর পেয়ে ছাত্রলীগের কয়েক নেতা-কর্মী, আমি ও সাংসদের ব্যাক্তিগত সহকারী মোহাম্মদ এজাজ সেখানে গেলে আবু তৈয়ব খারাপ আচরণ করেন। এ সময় উত্তেজিত ছাত্ররা তাঁকে মারধর করেন।’
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম বলেন, এ ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি।