অটোরিকশার চালকদের সংঘর্ষ থামাতে গিয়ে ওসির মৃত্যু
ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারে সিএনজিচালিত অটোরিকশার চালকদের সংঘর্ষ থামাতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান (৪৮)। আজ বুধবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ওসি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ওসির লাশ রাখার পর বিকেল চারটার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সুজ্ঞান চাকমা বলেন, ‘দফায় দফায় সংঘর্ষ হয়। এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করার সময় ওসি রাস্তায় লুটিয়ে পড়েন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন।’
পুলিশ জানায়, আজ সকাল সাতটার দিকে গোয়লাবাজারের কাছে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন যাত্রী নিহত হন। এরপর ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা এড়াতে একটি নতুন স্ট্যান্ড স্থাপনের দাবিতে অটোরিকশার চালকদের এক পক্ষ সকাল ১০টা থেকে গোয়ালাবাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। আরেক পক্ষ এর বিরুদ্ধে অবস্থান নেয়। এ নিয়ে দুই পক্ষে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর ঘটনাস্থলে অবস্থান নিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওসিসহ পুলিশ দলের উপস্থিতির মধ্যেও বেলা তিনটার দিকে আরেক দফা সংঘর্ষ হয়। ওসি তখন দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি রাস্তায় পড়ে যান।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একজন সদস্যের দাবি, মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নিতে ওসি মোস্তাফিজুর তৎপর ছিলেন। সংঘর্ষ হলে যানবাহন চলাচল ব্যাহত হবে, এ কারণে তিনি ঘটনাস্থল ছাড়ছিলেন না। বেলা তিনটার দিকে ওসি বুকে হাত দিয়ে রাস্তায় পড়ে যান। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।