পরিবহন সমিতির দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় সিএনজিচালিত, বেবিট্যাক্সি মালিক সমিতির লোকজনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সমিতির লোকজনের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এতে প্রায় ত্রিশটি সিএনজিচালিত, বেবিট্যাক্সি ও অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার শহরের পুরোনো বাসস্ট্যান্ড মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল থেকে শহরের প্রধান সড়কের পুরোনো বাসস্ট্যান্ড মোড়ে সিএনজিচালিত-বেবিট্যাক্সি স্ট্যান্ডের কাছে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে বাধা দেন সিএনজিচালিত-বেবিট্যাক্সি মালিক সমিতির লোকজন। এ নিয়ে অটোরিকশাচালকদের সঙ্গে সিএনজিচালিত-বেবিট্যাক্সি শ্রমিকদের কথা-কাটাকাটি হয়। বেলা ১১টার দিকে সিএনজিচালিত-বেবিট্যাক্সির শ্রমিকেরা ছয়-সাতটি অটোরিকশা ভাঙচুর করেন। এর জের ধরে বেলা একটার দিকে শহরের তাজের মোড় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সমিতির শতাধিক লোক লাঠি ও রড নিয়ে পুরোনো বাসস্ট্যান্ড মোড়ে সিএনজিচালিত-বেবিট্যাক্সি স্ট্যান্ডে হামলা চালান। এতে সিএনজিচালিত-বেবিট্যাক্সি মালিক সমিতির পাঁচ শ্রমিক আহত হন। সংঘর্ষের সময় প্রায় ২৫টি সিএনজিচালিত ও বেবিট্যাক্সি ভাঙচুর করা হয়। পরে দাঙ্গা পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিএনজিচালিত-বেবিট্যাক্সি মালিক সমিতির নেতারা বলেন, শহরের প্রধান সড়ক (নওগাঁ-সান্তাহার সড়ক) দিয়ে ব্যাটারিচালিত ও চার্জার অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। নিয়মভঙ্গে বাধা দেওয়ায় ব্যাটারিচালিত চার্জার অটোরিকশা সংগঠনের লোকজন সিএনজিচালিত-বেবি স্টেশনে হামলা চালায়।
সিএনজিচালিত-বেবিট্যাক্সি মালিক সমিতির সভাপতি মাসুদ হোসেন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সংগঠনের লোকজনের হামলায় তাঁদের পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া তাঁদের অর্ধশতাধিক সিএনজি ও বেবিট্যাক্সি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তাঁরা মামলা করবেন।
ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির কোষাধ্যক্ষ মিলন রহমান বলেন, ‘সিএনজিচালিত-বেবিট্যাক্সি মালিক সমিতির লোকজন অটোরিকশা ভাঙচুর শুরু করলে আমাদের লোকজন সেখানে বাধা দেয়। তারা আমাদের লোকদের মারধর করে। আমাদের লোকজন সিএনজি বা বেবিট্যাক্সি ভাঙচুর করেনি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য উভয় পক্ষের মধ্যে সমঝোতার জন্য পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।