যশোর সদর উপজেলার রামনগর এলাকায় সন্ত্রাসী হামলায় আহত পরিবহনশ্রমিক তরিকুল ইসলাম ওরফে তরু (৩০) চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। ঢাকার বেসরকারি একটি হাসপাতালে গতকাল মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। তরিকুল রামনগর এলাকার শ্রমিক সমিতির কর্মচারী মো. লালুর ছেলে। তরিকুলের মৃত্যুর খবর জানাজানি হলে যশোরের পরিবহনশ্রমিকেরা বিক্ষোভে ফেটে পড়েন। দুপুরে তাঁরা শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ ও সমাবেশ করেন। পরে খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরিবহনশ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর সন্ধ্যায় রামনগর তেল পাম্পের পাশে একটি চায়ের দোকানে তরিকুল বসে ছিলেন। এ সময় কয়েক সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে যশোর এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।