ভোট কারচুপির অভিযোগে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে গত বৃহস্পতিবার রাতে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ওই দিন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শেষে ভোট গণনার একপর্যায়ে এ সংঘর্ষ বাধে।
সংঘর্ষের সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রাফিউল ইসলাম খাজা লাঞ্ছিত হয়েছেন। এরই জের ধরে ভোটের ফলাফল স্থগিত করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। দুই হাজার ৬১৫ ভোটারের মধ্যে দুই হাজার ৬৩ জন ভোট দেন। কিন্তু ভোট গণনা শেষে সিলমারা ব্যালট পেপার পাওয়া যায় দুই হাজার ১৬৩টি। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে সংঘর্ষ বাধে। বিক্ষুব্ধ শ্রমিকেরা তাৎক্ষণিকভাবে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের পাঁচটি সেল নিক্ষেপ করে। রাত চারটা পর্যন্ত ওই সংঘর্ষ চলে।
পুলিশের সঙ্গে সংঘর্ষে সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলীসহ ২০ শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন সংঘর্ষের কথা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সংগঠনের কার্যনির্বাহী কমিটির ১৮টি পদে ৫১ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে দপ্তর সম্পাদক পদে এফাজ উদ্দিন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।