পরিবহনশ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পার্কিংকে কেন্দ্র করে গতকাল সোমবার শরীয়তপুরে বাসশ্রমিক ও ইজিবাইক চালকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ঢাকা-শরীয়তপুর সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন বাসশ্রমিকেরা। এ ছাড়া জেলার সব রুটে বাস ও ইজিবাইক চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শরীয়তপুর পৌর এলাকার মনোহর বাজারে সড়কের ওপর পার্কিং নিয়ে দুপুর ১২টার দিকে ইজিবাইকের চালকদের সঙ্গে বাসশ্রমিকদের বাগ্‌বিতণ্ডা হয়। ইজিবাইকের কয়েকজন চালক বাসের এর শ্রমিককে মারধর করেন। পরে বাসশ্রমিকেরা ইজিবাইক ভাঙচুর শুরু করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বেলা একটায় এক ঘণ্টাব্যাপী জেলার প্রেমতলা থেকে মনোহর বাজার পর্যন্ত ১০টি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শতাধিক ইজিবাইক ও পাঁচটি বাস ভাঙচুর করা হয়। বেলা একটা থেকে দুইটা পর্যন্ত পৌর বাস টার্মিনাল এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ করে রাখেন বাসশ্রমিকেরা। পরে পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ ঘটনার পর জেলার সব রুটে বাস ও ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে।

সংঘর্ষে ইজিবাইকের ২০ জন চালক এবং বাসের ২০ জন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে ২০ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মিন্টু মুন্সি ও মারুফ মোল্লা নামের ইজিবাইকের দুই চালককে ঢাকায় পাঠানো হয়েছে।

শরীয়তপুর আন্তজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, ইজিবাইকের চালকেরা সড়কের ওপর পার্কিং করে রাখেন। প্রতিবাদ করায় তাঁরা বাসশ্রমিকদের মারধর করেছেন। শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে তাঁদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন।

জেলার ইজিবাইক চালক ও শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান মাঝি বলেন, বাসশ্রমিকেরা অন্যায়ভাবে ইজিবাইকের চালকদের মারধর করেছেন। তাঁরা সংঘবদ্ধ হামলা করেছেন। গুরুতর আহত দুই চালককে ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা সদরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক গতকাল বিকেল সাড়ে পাঁচটায় বলেন, সংঘর্ষের পর বাস ও ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।