পরিবহনশ্রমিকদের হামলায় ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় গতকাল শনিবার পরিবহনশ্রমিকদের হামলায় তিন ছাত্র আহত হয়েছে। এর জের ধরে শিক্ষার্থীরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
আহত ছাত্ররা হলো ডুলাহাজারা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মো. বোরহান, চকরিয়া কমার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ঈসা, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মো. শহিদ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, গতকাল সকালে চকরিয়া কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মো. শহিদ বাসে করে ডুলাহাজারা বাজার থেকে চকরিয়া পৌর বাস টার্মিনালে আসে। এ সময় ভাড়া নিয়ে বাসের চালকের সহকারীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এর জের ধরে চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে নামার পর ২০-৩০ জন শ্রমিক শহিদকে মারধর শুরু করেন। এ সময় টার্মিনালে থাকা চার-পাঁচজন ছাত্র শহিদকে উদ্ধারে এগিয়ে যায়। এরপর পরিবহনশ্রমিকেরা তাঁদের ওপরও হামলা চালান।
ছাত্রদের অভিযোগ, চকরিয়া কমার্স কলেজের ছাত্র মো. ঈসার চোখে ও ডুলাহাজারা কলেজের ছাত্র মো. বোরহানের পায়ে তালা দিয়ে আঘাত করেন শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদের ওপর হামলার পর সকাল ১০টার দিকে চকরিয়া কলেজের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে সড়কের দুই দিকে দুই শতাধিক গাড়ি আটকা পড়ে। এর কিছুক্ষণ পর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াসউদ্দিন ও চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামরুল আজম ঘটনাস্থলে যান। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে এক ঘণ্টা পর ছাত্ররা সড়ক থেকে সরে যায়। একই সময়ে ডুলাহাজারা কলেজের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কলেজের শিক্ষার্থীরা। পরে কলেজের অধ্যক্ষ ফরিদউদ্দিন চৌধুরী ও পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মোহাম্মদ শরীফ বলে, পরিবহনশ্রমিকেরা শিক্ষার্থীদের গাড়িতে তুলতে চায় না। তুললেও অতিরিক্ত ভাড়া দাবি করে।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কক্সবাজার জেলা শাখার সহসভাপতি আবুল কালাম বলেন, ‘এক গাড়িতে পাঁচজন শিক্ষার্থী ওঠার কথা থাকলেও ১০-১২ জন উঠে ঝামেলা সৃষ্টি করে।’ তাঁর অভিযোগ, ছাত্ররাই প্রথমে একটি বাসে হামলা করে।
চকরিয়া কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াসউদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। রোববার (আজ) বিকেল চারটায় ইউএনওর কার্যালয়ে শ্রমিকনেতাদের সঙ্গে শিক্ষকদের বৈঠক হবে।’
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামরুল আজম বলেন, ‘দুই কলেজের অধ্যক্ষ, প্রশাসনের কর্মকর্তা ও শ্রমিকনেতাদের রোববারের বৈঠকে সমস্যার সমাধান করা হবে।’