পরিবহনশ্রমিকদের ধর্মঘট চলাকালে রাজধানীর গাবতলীতে বাসচালকের সহকারী (হেলপার) শাহিনুর রহমান পুলিশের গুলিতে নয়, নিহত হয়েছেন আন্দোলনরত শ্রমিকদের গুলিতেই। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে এভাবেই ঘটনার বিবরণ দিয়েছে পুলিশ। গত শুক্রবার রাতে রাজধানীর দারুস সালাম থানায় মামলাটি দায়ের করা হয়।
পরিবহনশ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মোট পাঁচটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে মঙ্গলবার রাতের ঘটনায় তিনটি ও বুধবার দিনের ঘটনায় দুটি মামলা হয়। পাঁচটি মামলার মধ্যে চারটি মামলার বাদী পুলিশ। একটি মামলার বাদী এক শ্রমিকের মা।
শাহিনুর নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আন্দোলনকারী শ্রমিকদের ওপর পুলিশই গুলি করেছিল। সেই গুলিতেই শ্রমিক শাহিনুর মারা যান। তিনি বলেন, শ্রমিকেরা কেন হেলপারকে গুলি করে মারবে?
ওই দিন ঘটনার প্রত্যক্ষদর্শী এক শ্রমিক সাংবাদিকদের বলেছিলেন, তখন তিনি গাড়িতে বসা ছিলেন। দুজন লোক সরু গলি দিয়ে রাস্তার দিকে হেঁটে আসছিলেন। তখন পুলিশ গুলি করলে ওই লোকের (শ্রমিক শাহিনুর) পেটে গুলি লাগে। ওই সময় পুলিশ নিহত ব্যক্তির ধারেকাছে কাউকে ঘেঁষতে দেয়নি।
গত বুধবার সারা দেশে পরিবহনশ্রমিকদের ধর্মঘটের সময় সকালে রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এসআই ট্রাভেলসের চালকের সহকারী শাহিনুর রহমান (৩৭) আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তিনি মারা যান।
শাহিনুরের মৃত্যুর দুদিন পর দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) এলিস মাহমুদ বাদী হয়ে গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা ৭০০ থেকে ৮০০ জনের বিরুদ্ধে এই হত্যা মামলাটি করেন।
জানতে চাইলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, পুলিশের গুলিতে শাহিনুর গুলিবিদ্ধ হয়ে মারা যাননি। আন্দোলনরত শ্রমিকদের গুলিতে তিনি মারা গেছেন। যাঁরা তাঁকে গুলি করে মেরেছেন, তাঁদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।
শাহিনুর হত্যা মামলার এজাহারে বলা হয়, গত বুধবার ৭০০ থেকে ৮০০ জন আসামি গাবতলীর আল্লাহর দান হোটেলের সামনের কারমাইকেল রোডে অবস্থান করছিলেন। এ সময় তাঁরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সাধারণ মানুষের চলাচলে বাধা দেন। আন্দোলনকারী শ্রমিকেরা রাস্তায় চলাচল করা সাধারণ জনগণের ওপর চড়াও হন। একপর্যায়ে শ্রমিকেরা বাস ভাঙচুর শুরু করেন। তখন বাসে থাকা সাধারণ যাত্রীদের সঙ্গে আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এ অবস্থায় সকাল ১০টার দিকে অজ্ঞাতনামা আন্দোলনকারী শ্রমিকেরা সাধারণ জনগণের ওপর গুলি চালালে একজন আহত হয়ে রাস্তায় পড়ে যান। সেদিনই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি মারা যান।
তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের আবাসিক সার্জন জেসমিন নাহার ঘটনার দিন সাংবাদিকদের বলেন, ওই শ্রমিকের বুকে ও পেটে ছররা গুলির জখম ছিল, শরীরের ভেতরে রক্তক্ষরণ হয়েছিল।
শ্রমিকদের হাতে ছররা গুলি আসবে কীভাবে? জানতে চাইলে হত্যা মামলার বাদী এসআই এলিস মাহমুদ প্রথম আলোকে, ওই দিন শ্রমিকদের লক্ষ্য করে পুলিশ কোনো গুলি ছোড়েনি। আন্দোলনরত শ্রমিকেরাই সাধারণ জনগণের ওপর গুলি ছুড়েছিল। ওই শ্রমিকদের গুলিতেই শাহিনুর মারা যান।
তবে ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, ঘটনার দিন পুলিশের ওপর আন্দোলনকারী শ্রমিকেরা ইটপাটকেল ছুড়েছিল। কিন্তু কোনো শ্রমিককে গুলি ছুড়তে দেখা যায়নি।
যোগাযোগ করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জিয়া রহমান প্রথম আলোকে বলেন, যদি পুলিশের গুলিতেই শ্রমিক শাহিনুর নিহত হয়ে থাকেন, তা হলে সংক্ষুব্ধ পক্ষ বাদী হয়ে আদালতে নালিশি মামলা করতে পারে।
নিহত শ্রমিক শাহিনুর রহমানের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার পশ্চিম বালিঘাটা মহল্লায়। তাঁর স্ত্রী মুর্শিদা বেগম অন্তঃসত্ত্বা। শাহিনুর পাঁচ ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট। ছোটবেলা থেকেই তিনি মোটরশ্রমিকের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পাঁচ বছর আগে এসআই ট্রাভেলসে চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ শুরু করেন। বৃদ্ধ বাবা ছায়ের উদ্দিন ছেলে শাহিনুরের আয়ের ওপরই নির্ভরশীল ছিলেন। মা-বাবার দেখভাল করতেন শাহিনুর। গত সোমবার রাতে বাড়ি থেকে কাজের জন্য ঢাকায় আসেন।
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনের প্রাণহানির মামলায় বাসচালক জামির হোসেনকে গত ২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এই রায়ের প্রতিবাদে প্রথমে চুয়াডাঙ্গা ও পরে খুলনার ১০ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। গত সোমবার ১০ জেলার ওই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে। এদিকে সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে এক ট্রাকচালকের বিরুদ্ধে সোমবার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন ঢাকার একটি আদালত।
১০ জেলার ধর্মঘট নিয়ে গত সোমবার সন্ধ্যায় নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের বাসায় পরিবহননেতাদের বৈঠক হয়। ওই বৈঠকে বাস ও ট্রাকমালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ প্রায় ৫০ জন মালিক-শ্রমিকনেতা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে কেন্দ্রীয় নেতারা ফোনে আঞ্চলিক নেতাদের ধর্মঘট পালনের নির্দেশ দেন।