পরিবহনের চাঁদার নিয়ন্ত্রণ নিতেই সায়েদাবাদে নৈরাজ্য

শ্রমিক ইউনিয়নের নামে প্রতি মাসে তোলা প্রায় ৬০ লাখ টাকা চাঁদার নিয়ন্ত্রণের দ্বন্দ্বে জিম্মি হয়েছে দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের প্রায় ৩০ জেলার মানুষ। গত সোমবার কয়েক ঘণ্টা এবং গতকাল মঙ্গলবার প্রায় সারা দিন সায়েদাবাদ-গুলিস্তান টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। আর এর মূলে রয়েছে সরকার-সমর্থক দুটি শ্রমিক ইউনিয়ন।
এই দুটি শ্রমিক সংগঠন হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। দুটি সংগঠনই নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত। তবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন মাস ছয়েক আগে নৌমন্ত্রীর ফেডারেশন থেকে দূরে সরে গেছে। এটি এখন স্থানীয় সরকারদলীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লার আশীর্বাদপুষ্ট। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহও সাংসদের নিয়ন্ত্রণাধীন সংগঠনের পক্ষে।
পরিবহন শ্রমিক, মালিক ও স্থানীয় সূত্রগুলো বলেছে, ঘটনার সূত্রপাত গত রোববার, জয়কালী মন্দির এলাকায় একটি কার্যালয় দখলকে কেন্দ্র করে। এ কার্যালয় থেকেই মূলত সায়েদাবাদ ও গুলিস্তানের শ্রমিক সংগঠনের নামে পরিবহন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা হয়। দীর্ঘদিন ধরে এই কার্যালয় নিয়ন্ত্রণ করছে সাংসদ মোল্লার সমর্থকেরা। আর সোমবার এটি দখল করে শাজাহান খানের সমর্থনপুষ্ট ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
এরপরই মোল্লার সমর্থনপুষ্ট ইউনিয়ন বাস বন্ধ করে দেয়। গতকাল বিকেলে ঢাকার জেলা প্রশাসক সব পক্ষকে নিয়ে বৈঠক করার পর বাস চলাচল শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসক দুই পক্ষকে নীরব থাকতে বলেছে। এ বিষয়ে উচ্চপর্যায় থেকে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে, কোন সংগঠনটি বৈধভাবে দুই টার্মিনালের নিয়ন্ত্রণ করবে। দুই পক্ষই তা মেনে নিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য নৌমন্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রথম আলোকে বলেন, ‘দুটি সংগঠনই আমাদের। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ঝামেলা হয়েছে।’ ফেডারেশনে প্রতি মাসে দেড় লাখ টাকা দেওয়া হতো, এখন বন্ধ রয়েছে—এ বিষয়ে জানতে চাইলে ওসমান আলী বলেন, ‘শ্রমিকনেতারা যে চাঁদা পায়, সেটা উচ্ছিষ্ট বলা যায়। আর ফেডারেশনকে তো সব ইউনিয়নই কিছু চাঁদা দেয়। এটা বিরাট কিছু নয়।’
সায়েদাবাদ ও গুলিস্তান টার্মিনাল থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের অন্তত ৩০টি জেলার প্রায় আড়াই হাজার বাস-মিনিবাস চলাচল করে।
দুই টার্মিনালের দায়িত্বশীল একাধিক সূত্র বলেছে, সায়েদাবাদ ও গুলিস্তান টার্মিনাল হয়ে চলা প্রতিটি বাস থেকে শ্রমিক সংগঠনের নামে ৮০ টাকা চাঁদা তোলা হয়। সে হিসাবে দৈনিক চাঁদা আসে প্রায় দুই লাখ টাকা, মাসে হয় ৬০ লাখ টাকা। বছর শেষে এই দুই টার্মিনাল থেকে শ্রমিক সংগঠনের নামেই চাঁদা ওঠে সাত কোটি টাকার বেশি। এর বাইরে এই দুটি টার্মিনালে মালিক সমিতির নামে প্রতিটি বাস থেকে আদায় করা হয় ১০০ টাকা। বছরে আদায় হয় প্রায় নয় কোটি টাকা। শ্রমিক সংগঠন বশে থাকলে মালিক সমিতির চাঁদাও নিয়ন্ত্রণ করা যায় নির্বিঘ্নে। সব মিলিয়ে দুই টার্মিনাল থেকে বছরে মালিক ও শ্রমিক ইউনিয়নের নামে প্রায় ১৬ কোটি টাকা আদায় হয়।
সূত্র জানায়, মূল শ্রমিক ইউনিয়নের বাইরে গুলিস্তান ও সায়েদাবাদ টার্মিনালের আলাদা কমিটি আছে। আরও নিচে আছে প্রতিটি রুটের কমিটি। চাঁদা তোলে রুট কমিটি। এর ভাগ যায় টার্মিনাল কমিটি, ফেডারেশন ও স্থানীয় রাজনৈতিক দলের নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও। এর মধ্যে টার্মিনালের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনের চাঁদাও আছে।
জানতে চাইলে হাবিবুর রহমান মোল্লা গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার সরাসরি কোনো ইনভলভমেন্ট নেই। তবে আমার এলাকায় পরিবহন খাত ভালো চলুক—সেই চিন্তা থেকে কিছুটা দেখভাল করি।’ টার্মিনাল থেকে বিপুল চাঁদা ওঠে এবং এর নিয়ন্ত্রণের জন্যই এই মারামারি হচ্ছে—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সরকারদলীয় এই সাংসদ বলেন, ‘যে-ই আসুক, সেই চাঁদা তুলবে। কেউ দেশপ্রেমিক নাই। তবে যারা দীর্ঘদিন ধরে তুলছে, তারাই তুলুক। নতুন করে আর ঝামেলা কেন?’
আর খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা দখলবাজি-চাঁদাবাজির বিপক্ষে। ২০০৯ সালের পর থেকে পরিবহন খাতে কোনো সমস্যা হয়নি। অবাধে চাঁদাবাজিও বন্ধ করেছি। হঠাৎ করে এভাবে শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল করার কারণে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। আসলে এটা করা হয়েছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য।’
পরিবহন মালিক-শ্রমিক সূত্রগুলো বলেছে, এসব মালিক-শ্রমিক সংগঠনের নামের বাইরে আরেকটা মোটা অঙ্কের চাঁদাবাজি হয়। পরিবহননেতা ও স্থানীয় প্রভাবশালীরা একটি কোম্পানি করার পর এর অধীনে বিভিন্ন মালিকদের বাস পরিচালনার সুযোগ দেওয়া হয়। বিনিময়ে প্রতিটি বাসের মালিককে গেট পাস (জিপি) হিসেবে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা চাঁদা দিতে হয়। এ টাকার একটা অংশ কর্মচারী পরিচালনা ও প্রশাসন বশে রাখার পেছনে ব্যয় হয়।
সূত্র বলেছে, বাংলাদেশে বাস পরিবহন খাতে জাতীয় পর্যায়ে শ্রমিকদের দুটি ফেডারেশন আছে। একটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এর কার্যকরী সভাপতি শাজাহান খান। এ বিষয়ে যত ইউনিয়ন আছে, এর বেশির ভাগই এখন নিয়ন্ত্রণ করে নৌমন্ত্রীর ফেডারেশন। বাম ঘরানার বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নামে আরেকটি সংগঠনের নেতৃত্ব দেন নুরুল ইসলাম ও আলী রেজা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সংগঠনটির সভাপতি আবদুল অদুদ ও সাধারণ সম্পাদক করম আলী। দীর্ঘদিন ধরেই বিপ্লবী শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত এটি। এর মধ্যে ২০০১ সালের দিকে শাজাহান খানের নেতৃত্বাধীন ফেডারেশন সফর আলীকে সভাপতি করে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন নামে আরেকটি সংগঠন করেন। দুটি প্রতিষ্ঠানই গুলিস্তান ও সায়েদাবাদ টার্মিনাল নিয়ন্ত্রণ করতে চায়। তাদের এই দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে।
সূত্র জানায়, ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর সারা দেশের মালিক সমিতির ওপর খোন্দকার এনায়েত উল্যাহর ও শ্রমিক সংগঠনের ওপর শাজাহান খানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। এখন যারা হাবিবুর রহমান মোল্লার নিয়ন্ত্রণে, তারা তখন শাজাহান খানের ফেডারেশনের সঙ্গে সখ্য গড়ে তোলে এবং ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়। বিনিময়ে দুই টার্মিনাল থেকে আদায় করা চাঁদা থেকে মাসে প্রায় দেড় লাখ টাকা করে দেওয়া শুরু করে ফেডারেশনকে। মাস ছয়েক আগে শাজাহান খানের ফেডারেশনের সঙ্গে অদুদ-করম আলীর নেতৃত্বাধীন শ্রমিক ইউনিয়নের টানাপোড়েন শুরু হয়। বন্ধ করে দেওয়া হয় ফেডারেশনের মাসিক চাঁদা। গত মে দিবসে অদুদ-করম আলীর শ্রমিক ইউনিয়ন বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনকে নিয়ে সমাবেশ করে। এতে দুই পক্ষের মধ্যে সম্পর্কচ্ছেদ হয়। এরপরই সফর আলীর নেতৃত্বাধীন শ্রমিক ইউনিয়ন কয়েক দফা টার্মিনাল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।
জানতে চাইলে সফর আলী বলেন, বর্তমানে যারা সায়েদাবাদ ও গুলিস্তান টার্মিনাল নিয়ন্ত্রণ করছে, তাদের বাড়াবাড়িতে মালিক-শ্রমিকেরা ক্ষুব্ধ। নতুন নেতৃত্ব চান তাঁরা। এ জন্যই তাঁরা এগিয়ে এসেছেন।
অপর ইউনিয়নের সভাপতি আবদুল অদুদ বলেন, অবৈধভাবে তাঁদের কার্যালয় দখলের কারণেই শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে বাস বন্ধ করেছেন। চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, ‘চাঁদাবাজি হয় না, এটা বলা যাবে না। তবে একেক জায়গায় একেকভাবে, একেকজন নিয়ন্ত্রণ করে। আমরা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারি না।’