ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের পরিবারের সঙ্গে দেখা করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানতে চাইবে, ফেলানী হত্যার ঘটনায় অভিযুক্ত বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে তারা নতুন করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চায় কি না। এ বিষয়ে ফেলানীর পরিবারের অভিমত বিএসএফকে জানাবে বিজিবি।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান। ওই সম্মেলনেই বিএসএফের মহাপরিচালক ডি কে পাঠক এক প্রশ্নের উত্তরে বলেন, দুই বাহিনীর শীর্ষ পর্যায়ের বার্ষিক সম্মেলনে ফেলানী প্রসঙ্গ আলোচিত হয়নি। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের ৪১তম সম্মেলনটি গতকাল শেষ হয়। সম্মেলন শেষে প্রথাগত যৌথ সংবাদ সম্মেলনে ফেলানী প্রসঙ্গটি ওঠে।
২০১১ সালের ৭ জানুয়ারি ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় ফেলানী। লাশ দীর্ঘ সময় ঝুলে থাকে কাঁটাতারের বেড়ায়। এ হত্যাকাণ্ডের ছবি ও খবর দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। বিএসএফের বিশেষ আদালত ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন। গত বছরের ২২ সেপ্টেম্বর ফেলানী হত্যার পুনর্বিচার শুরু হয় এবং গত মাসের প্রথম দিকে সেই বিচারের রায়েও অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়।
গতকালে সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ বলেন, অমিয় ঘোষের পুনর্বিচারের রায় এখনো বিএসএফের মহাপরিচালকের অনুমোদন পায়নি। কাজেই প্রসঙ্গটি এখনো বিচারাধীন। সেই কারণে এই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি আলোচিত হয়নি।
তবে আজিজ আহমেদ বলেন, তা সত্ত্বেও তাঁরা ফেলানী প্রসঙ্গ বৈঠকে তুলেছিলেন। স্থির হয়েছে, বিচার শেষে রায় নিয়ে প্রচারমাধ্যমে যে খবর বেরিয়েছে, তাতে ফেলানীর পরিবারের কী অভিমত, বিজিবি তা জানতে চাইবে। যদি ওরা অখুশি হয় ও অন্য বিচারপতিদের দিয়ে নতুন করে বিচার চায়, তা হলে সেই কথা বিএসএফকে জানিয়ে দেবে বিজিবি।
পাঁচ দিনের এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল দুই দেশের যৌথ ব্যবস্থাপনার মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে এনে নানা ধরনের সীমান্ত অপরাধের মোকাবিলা করা। এই কাজ আগের বছরের তুলনায় চলতি বছরে আরও ভালো হয়েছে এবং পারস্পরিক সহযোগিতা, আস্থা, বিশ্বাস আরও বেড়েছে বলে দাবি করেন দুই বাহিনীর প্রধান।
তবে সীমান্ত হত্যা শূন্যে নামানো সম্ভব হয়নি স্বীকার করে বিএসএফ-প্রধান ডি কে পাঠক বলেন, তাঁদের জওয়ানরা প্রাণঘাতী বুলেটের ব্যবহার বন্ধ করে দিয়েছেন। জওয়ানদের সব সময় বলা হয় পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরতে। তবু কখনো কখনো চরম অবস্থায় গুলি চালাতে তাঁরা বাধ্য হন। কিন্তু সব সময় চেষ্টা থাকে প্রাণহানি না ঘটিয়ে পরিস্থিতির মোকাবিলা করা।
দুই মহাপরিচালক অবশ্য জানিয়েছেন, সীমান্ত চুক্তির বাস্তবায়ন এবং ছিটমহলগুলোর হস্তান্তর সীমান্ত অপরাধ কমাতে সহায়ক হবে। এ প্রসঙ্গে বিএসএফ-প্রধান বলেন, গরু পাচার অনেক কমে গিয়েছে। গত বছর যেখানে ২০ লাখ গরু পাচার হয়েছিল, এ বছর তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ লাখে। যৌথ সহযোগিতায় আরও কমবে বলে তাঁর আশা।
এ প্রসঙ্গে বিজিবি-প্রধান বলেন, গরু পাচার বন্ধ হলে বাংলাদেশের কাছে তা এক নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। মানুষ গো-পালনে বিশেষ নজর দেবে।
অনুপ্রবেশের সমস্যাও শীর্ষ সম্মেলনে আলোচিত হয়েছে। যেমন হয়েছে মাদক, জাল নোট পাচার ও বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে মোকাবিলার প্রসঙ্গ। মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, বাংলাদেশ কোনো ভারতবিরোধী শক্তিকে মদদ দেয় না। ভারতের পক্ষ থেকে বিচ্ছিন্নতাবাদী ও তাদের ঘাঁটির একটি তালিকা বিজিবিকে দেওয়া হয়েছে।