
গুলিবিদ্ধ হয়ে রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি খন্দকার মাইনুল ইসলামের (৫৯) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশের ভাষ্য, এটি আত্মহত্যার ঘটনা। মাইনুল ইসলাম নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করেছেন।
পেশায় প্রথম শ্রেণির ঠিকাদার ছিলেন মাইনুল ইসলাম। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও ছিলেন। বাড়ি রাজশাহী নগরের হোসনীগঞ্জে।
বাড়ির নিচতলায় একটি বসার ঘর রয়েছে। সেখানেই মাইনুল ইসলাম গুলিবিদ্ধ হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই মাইনুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি যেখানে গুলিবিদ্ধ হয়েছেন, সেখানে রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছে। বাড়ির কলাপসিবল গেটের পাশে ফুলগাছের টবের আড়ালে পড়ে রয়েছে একটি পিস্তল। বসার ঘরে দুটি চেয়ার। একটির পেছনে রক্ত লেগে আছে।
ঘটনাস্থলে আরও দেখা যায়, বাড়ির পশ্চিম দেয়ালের পাশে একটি পানির ট্যাপ রয়েছে। সেখানে রক্তাক্ত কোনো জিনিস ধোয়ার চিহ্ন রয়েছে। জায়গাটি লাল হয়ে আছে। তার পাশেই পড়ে রয়েছে ফুলের টবের আড়ালে এক জোড়া স্যান্ডেল। তাতেও রক্তের দাগ। ঘটনাস্থলের পাশে একটি মাইক্রোবাস ছিল। একটি গুলি গাড়িটিতেও বিদ্ধ হয়েছে। গর্ত হয়ে গেছে সেখানে।
পরিবারের লোকজন বাড়ির দোতলায় ছিলেন। তাঁরা সাংবাদিকদের কিছু বলেননি। কেউ বারান্দায় এলে জিজ্ঞেস করলে বলেন, তাঁরা কিছু জানেন না। পরে মাইনুলের ছেলে হেদায়েতুল ইসলাম (২৮) ও শ্যালক শাহীন ইসলাম (৪০) হাসপাতালে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের কাছে হেদায়েতুল বলেন, তাঁর বাবা পড়ে গিয়ে আহত হয়েছিলেন। কিছুক্ষণ পর রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার হাসপাতালে গেলে হেদায়েতুল তাঁদের বলেন, তাঁর বাবা আত্মহত্যা করেছেন। ডাবলু সরকারের কাছে তিনি পরামর্শ চান, পিস্তলটা ঘটনাস্থলেই পড়ে রয়েছে। কী করবেন? তাঁরা সরাবেন কি না। মাইনুল ইসলামের শ্যালক বলেন, তাঁরা ঘটনার সময় বাড়ির দ্বিতীয় তলায় ছিলেন। কিছু বলতে পারবেন না।
রাজশাহী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, ফায়ার স্টেশনের পাশেই মাইনুল ইসলামের বাড়ি। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্টেশনের গেটের সামনে আনা হয়। তখন ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন বলেন, মাইনুল ইসলামকে বেলা ২টা ১০ মিনিটের সময় জরুরি বিভাগে আনা হয়। বিভাগের চিকিৎসক আরিফুল হক তাঁকে মৃত ঘোষণা করেন। তারপরও নিশ্চিত হওয়ার জন্য কার্ডিওলজি বিভাগে নিয়ে গিয়ে ইসিজি করা হয়।
রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, এটা আত্মহত্যার ঘটনা। ডান কানে পিস্তল ধরে গুলি করেছেন। বাম কান দিয়ে বের হয়ে গেছে। তিনি বলেন, পুলিশ বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান করছে। পুলিশের পাশাপাশি র্যা ব ও সিআইডির কর্মকর্তারাও ঘটনাস্থলে আছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সেটি পরীক্ষা করা হবে। লাশেরও ময়নাতদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পিস্তল ও তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
মাইনুল ইসলামের লাশের ময়নাতদন্ত করেন রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক এনামুল হক। তিনি গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মাথার বাঁ দিকে ৫-৬ মিলিমিটার ও ডান দিকে ১০-১২ মিলিমিটার ছিদ্র হয়েছে। এতে মনে হয়েছে, মাথার বাঁ দিক দিয়ে গুলি ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। মাইনুল ইসলাম বাঁ-হাতি না হলে নিজের পক্ষে এভাবে গুলি করা সম্ভব নয়।
রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা বলেন, মাইনুল ইসলাম তাঁর কমিটির সহসভাপতি। এর আগে তিনি রাজশাহী মহানগর কমিটির সহসভাপতি ছিলেন। নাদিম মোস্তফা বলেন, মাইনুল ইসলাম তাঁর ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ব্যাংকে তাঁর অনেক টাকা ঋণ রয়েছে। সম্ভবত এ কারণে তিনি হতাশায় ভুগছিলেন।
মাইনুল ইসলামের এক ছেলে ও দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে।