পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারীতে পরিবার পরিকল্পনা বিভাগের এক নারী কর্মকর্তার বাড়িতে গত শুক্রবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে ওই কর্মকর্তাসহ দুজন গুলিবিদ্ধ হন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের চরবানিয়ারী ইউনিয়নের দায়িত্বরত স্বাস্থ্য পরিদর্শিক (ভিজিটর) স্নেহলতা রানা (৪২) এবং তাঁর বাড়ির ভাড়াটিয়া হোমিওপ্যাথি চিকিৎসক সুখেন মণ্ডল (৪০)। তাঁদের উদ্ধার করে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিবারের বরাত দিয়ে চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার বলেন, উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের গরীবপুর গ্রামে স্নেহলতা রানার বাড়িতে শুক্রবার দিবাগত রাতে চার-পাঁচজনের সশস্ত্র ডাকাত দল জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। গ্রিল ভাঙার শব্দ পেয়ে ওই কর্মকর্তা ও তাঁর স্বামীর ঘুম ভেঙে যায়। এরপর ডাকাতেরা শোবার ঘরে ঢুকে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার বের করে দিতে বলে। কিন্তু তাঁরা অস্বীকৃতি জানালে ডাকাতেরা স্নেহলতাকে গুলি করে। এ সময় তাঁদের পাশের ঘরে ভাড়া থাকা সুখেন মণ্ডল এগিয়ে এলে তাঁকেও গুলি করা হয়। পরে ডাকাত দল ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে চিতলমারীতে ভর্তি করেন।