পরিবার বলছে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের কৃষ্ণরামপুর জামে মসজিদের ইমাম মো. জহির উদ্দিন (৫২) মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে দাবি করেছে তাঁর পরিবার। তিনি আত্মহত্যা করেছেন বলেও পরিবারের দাবি। তবে এ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। ইমামের আত্মহত্যার ঘটনা অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর কৃষ্ণরামপুর নিজ বাড়ির শোবার ঘর থেকে জহির উদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ইমাম জহির উদ্দিনের বড় মেয়ে সুমাইয়া আক্তার সাংবাদিকদের বলেন, অসুস্থতার কারণে তাঁর বাবার গলায় ছয়বার অস্ত্রোপচার করা হয়। তাঁর বাবা বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন এবং মানসিকভাবে ভারসাম্যহীতায় ভুগেছেন বলে জানান তিনি। একই কথা বলেন জহির উদ্দিনের শ্যালক মো. হাছানও। দুজনেরই বক্তব্য তাঁদের কোনো শত্রু নেই। শারীরিক ও মানসিক সমস্যার কারণে জহির উদ্দিন গলা কেটে আত্মহত্যা করেছেন।
জহির উদ্দিনের লাশের ময়না তদন্ত গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়। ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির কণ্ঠনালিসহ গলার দুই-তৃতীয়াংশ ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল। তাঁর বাঁ হাতের তিনটি আঙুল ও তালুতে কাটা দাগ ছিল।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী জহির উদ্দিন মানসিকভাবে অসুস্থ ছিলেন, যার কারণে তিনি নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। মৃতদেহের অবস্থান, ঘটনাস্থলের পারিপার্শ্বিক যে চিত্র পাওয়া গেছে তাতে বাইরের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে মনে হয়নি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এটি আত্মহত্যা কি না এ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ থাকায় রক্তমাখা ছোরার গায়ে লেগে থাকা আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) সংরক্ষণ করা হয়েছে। তিনি বলেন, থানা-পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করেছেন এবং তাঁরাও বিষয়টি তদন্ত করছেন।