
সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার উদ্দেশ্য ও কারণ আট দিনেও বের করতে পারেনি পুলিশ। তবে তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনেরা মনে করছেন, মতাদর্শের বিরোধিতাকারীরাই ফারুকীকে খুন করেছে। গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনেও পরিবার একই অভিযোগ করেছে।
এদিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনজনের কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। গত ২৭ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় ফারুকীকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় করা মামলাটি বর্তমানে তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত মঙ্গলবার বিকেলে ফারুকীর পূর্ব রাজাবাজারের বাসায় গেলে তাঁর স্ত্রী ও সন্তানেরা বলেন, ধর্মীয় মতাদর্শের বিরোধীরাই ফারুকীকে খুন করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁর ছেলে ও মামলার বাদী ফয়সাল ফারুকী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। তিনি প্রথম আলোকে বলেন, ২২ আগস্ট টঙ্গীতে একটি ওয়াজ মাহফিলে তাঁর বাবা একটি বেসরকারি টেলিভিশনে ধর্মীয় অনুষ্ঠানের দুই উপস্থাপকের নাম উল্লেখ করে বলেছিলেন, তাঁদের মধ্যে একজন তাঁকে (ফারুকী) মেরে ফেলার হুমকি দিয়েছেন। ওই ওয়াজ মাহফিলের ক্যাসেট তদন্তকারীদের দেওয়া হয়েছে।
ফারুকীর স্ত্রী, সন্তান ও স্বজনেরা জানান, ব্যবসা, হজে লোক পাঠানো নিয়ে বা পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই। এ ছাড়া পুলিশ তিন বিয়ের কথা বললেও তিনি প্রকৃতপক্ষে দুটি বিয়ে করেন। এ দুই পক্ষের মধ্যেও দ্বন্দ্ব নেই।
ফারুকীর প্রথম স্ত্রী আয়েশা বেগম থাকেন মালিবাগে ভাড়া বাসায়। মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে তাঁকে পাওয়া না গেলেও বিকেলে পূর্ব রাজাবাজারের বাসায় পাওয়া যায়। তিনি কথা বলতে চাননি। আয়েশা বেগমের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হুমায়রা তাবাসসুম জানান, মিলাদ ও মাজারের পক্ষে কথা বলায় তাঁর বাবাকে হুমকি-ধমকি দেওয়া হতো।
ফারুকীর দ্বিতীয় স্ত্রী লুবনা ইসলাম বলেন, তাঁর স্বামী সুন্নি মতাদর্শী। এর বিরোধীরাই তাঁকে খুন করেছে।
ফারুকী হত্যা মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, রিমান্ডে মাহমুদা খাতুন, শরিফুল ইসলাম ও ইউসুফকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যার উদ্দেশ্য এবং কারণও নিশ্চিত হওয়া যায়নি।
দুই দিনের রিমান্ড শেষে গতকাল মাহমুদা ও শরিফুলকে কারাগারে পাঠানো হয়েছে। ইউসুফের রিমান্ড আজ বৃহস্পতিবার শেষ হবে।
প্রথমে এই মামলা তদন্ত করা পুলিশের তেজগাঁও বিভাগ সন্দেহ করেছিল যে হত্যাকাণ্ডের পেছনে ধর্মীয় মতাদর্শ নিয়ে বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব, হজে লোক পাঠানো ও পারিবারিক সমস্যা রয়েছে।
সংবাদ সম্মেলন: গতকাল পূর্ব রাজাবাজারের বাসায় সংবাদ সম্মেলন করে ফারুকীর পরিবার। সংবাদ সম্মেলনে দ্বিতীয় পক্ষের বড় ছেলে আহমেদ রেজা ফারুকী বলেন, এই হত্যার ঘটনায় যখন মামলা হয়, তখন তিনি সৌদি আরবে এবং তাঁর বড় ভাই মাসুদ বিন নূর নেদারল্যান্ডসে ছিলেন। ফয়সাল ফারুকী পুলিশের তৈরি করা ‘খুনসহ ডাকাতির’ এজাহারে স্বাক্ষর করেন। কিন্তু ঘটনাটি ‘প্রকৃতপক্ষে পরিকল্পিত হত্যা’। তাই তিনি মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারা সংযুক্তির অনুরোধ জানান।
আহমেদ রেজা বলেন, তাঁদের বাবা অন্যায় কোনো মতবাদের সঙ্গে সমঝোতা করে চলেননি। তাই তাঁকে উগ্রপন্থীদের হাতে প্রাণ হারাতে হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সুনির্দিষ্টভাবে কারও নাম বলতে চাই না। তদন্তে যাঁদের নাম আসবে, আমরা তা মেনে নেব।’
সংবাদ সম্মেলনে ফারুকীর দুই স্ত্রী, সন্তান মাসুদ বিন নূর, ফয়সাল, আবদুর রউফ, ফুয়াদ ফারুকী, হুমায়রা তাবাসসুম ও লাবিবা হুসনা লুবা উপস্থিত©ছিলেন।