পরিবারকে জিম্মি করে শিশুকে ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে সন্ত্রাসীরা এক ব্যবসায়ী পরিবারের সদস্যদের জিম্মি করে চাঁদা আদায়সহ এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর বাড়ির মালিকসহ স্থানীয় গণ্যমান্যদের মধ্যস্থতায় সন্ত্রাসীরা শুধু চাঁদার টাকা ফেরত দিয়েই পার পেয়ে যায়।
সাভার মডেল থানার পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত শনিবার দুপুর ১২টার দিকে কড়া নাড়লে পরিবারের সদস্যরা দরজা খুলে দেন। আজিজ ও হান্নান নামের স্থানীয় দুই সন্ত্রাসী ভেতরে ঢোকে। এ সময় ওই ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও শ্যালিকা (১২) বাসায় ছিলেন। ভেতরে ঢুকেই পরিবারের লোকজনকে জিম্মি করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। একপর্যায়ে টাকার জন্য তারা ঘরের আলমারি ও বিছানাপত্র তছনছ করে। ঘরে নগদ টাকা না পেয়ে তারা ওই ব্যবসায়ীকে মারধর করে একটি কক্ষে আটকে রেখে ব্যবসায়ীর স্ত্রী ও শ্যালিকার সঙ্গে অশালীন আচরণ করে। এ সময় তারা জোর করে ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে জবানবন্দির ভিডিওচিত্র ধারণ করে। এরপর কবীর হোসেন নামের আরও এক সন্ত্রাসী ওই বাসায় যায়। পরে তারা ব্যবসায়ীর শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা চালায়।
ব্যবসায়ীর স্ত্রী অভিযোগ করেন, ‘আমি আর আমার বোন এই বাসায় দেহব্যবসা করি—এমন স্বীকারোক্তি দিতে সন্ত্রাসীরা আমাকে বাধ্য করেছে। এ সময় তারা এই স্বীকারোক্তি মোবাইলে ভিডিও করে।’
ওই ব্যবসায়ী বলেন, ঘটনার পর বিষয়টি বাড়ির মালিক ফজলুল হককে জানালে তিনি স্থানীয় গণ্যমান্যদের জানান। পরে ওই দিন সন্ধ্যায় তাঁরা সন্ত্রাসীদের স্বজনদের ডেকে এনে পাঁচ হাজার টাকা ফেরত দেওয়ার শর্তে বিষয়টি মিটমাট করেন।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম বলেন, ওসির নির্দেশে শনিবার রাত ১২টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবার, বাড়ির মালিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। কিন্তু ভুক্তভোগী পরিবার মামলা দিতে রাজি না হওয়ায় তাঁদের পক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে কবীর ও আজিজ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে এলাকায় গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া যায়নি।