পরিবারগুলো স্বাভাবিক জীবনে এখনো ফেরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবলে হত্যার শিকার চার শিশুর পরিবারের সদস্যরা এখনো স্বাভাবিক হতে পারেননি। হতদরিদ্র এই পরিবারগুলো সন্তান হারানোর শোকে এখনো বিহ্বল।
গত ১৭ ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে একটি ছড়ায় বালুচাপা অবস্থায় উদ্ধার করা হয় গ্রামের চার শিশুর অর্ধগলিত লাশ। ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া শুভ (৯), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও তাদের প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (৮)। শুভ, তাজেল ও মনির আপন চাচাতো ভাই। তারা সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ইসমাইল গ্রামের ইসলামিয়া কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। সুন্দ্রাটিকি গ্রাম্য পঞ্চায়েতের দ্বন্দ্বের শিকার হয়ে এই চার শিশু প্রাণ হারায়।
সম্প্রতি এই চার শিশুর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িগুলোতে সুনসান নীরবতা। শিশুদের অভিভাবকদের বেশির ভাগ সময়ই কাটছে বাড়িতে বসে। সরকার ৫০ হাজার টাকা করে প্রতিটি পরিবারকে দিয়েছিল। এরপর আর কোনো সরকারি সহযোগিতা আসেনি। বাড়িতে গণমাধ্যমসহ লোকজনের আনাগোনাও কমে গেছে।
নিহত তাজেলের বাবা আবদুল আজিজ বাড়ির উঠানে গাভিকে ঘাস খাওয়াচ্ছিলেন। কী করেন জানতে চাইলে বলেন, ‘কী আর করব। কয় দিন ধরে গরুগুলোকে ঠিকমতো মাঠে নিতে পারছি না, তাদেরও তো প্রাণ আছে। তাই বাড়িতে রেখেই খাওয়াচ্ছি।’ এই কৃষক বাবা জানালেন, স্বপ্ন ছিল, ছেলে বড় হবে, একদিন বড় চাকরি করবে।
জাকারিয়া শুভর বাবা ওয়াহিদ মিয়া পেশায় কাঠমিস্ত্রি। তাঁর দুই সন্তান। তার মধ্যে বড় ছেলেই প্রাণ হারাল ঘাতকদের হাতে। মন বসাতে পারছেন না কাজে। তিনি জানান, ১৯ ফেব্রুয়ারি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে সরকারি অনুদান দেন। এরপর বেশ কয়েকজন সাংসদ এবং ব্যক্তিগতভাবে নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী আরও ৬২ হাজার টাকা দেন তাঁদের।
নিহত মনিরের বাবা আবদাল মিয়া পেশায় ট্রাক্টরচালক। তিনি মামলার বাদী। তাই মাঝেমধ্যে কাজে গেলেও তাঁকে মামলার পেছনে সময় দিতে হয় বেশি। পুরোপুরি কাজকর্মে ফিরতে পারেননি।
ইসমাইলের বাবা আবদুল কাদির জানালেন, গরিব মানুষ। কৃষিকাজ করেই জীবন চালান তাঁরা। তবে ছেলের ঘটনার পর থেকে তিনি পুরোপুরি বেকার জীবন যাপন করছেন।
চার শিশু হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আছেন অন্যতম আসামি পঞ্চায়েত নেতা আবদুল আলীসহ সাতজন। তাঁদের মধ্যে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। বাকিরা পলাতক। ৫ এপ্রিল পুলিশ এই সাতজনসহ নয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে।