পরিবারটি নয় মাস ধরে একঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গ্রাম্য মাতবরদের নির্দেশে আট সদস্যের একটি পরিবারকে নয় মাস ধরে একঘরে করে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বন্দর গ্রামে এ ঘটনা ঘটেছে। এমনকি ওই বাড়িতে পুরোহিতকে পূজা করতে যেতেও নিষেধ করেছেন মাতবরেরা।
ওই পরিবারের গৃহকর্তা বিপ্লব সাহা বলেন, ‘নয় মাস আগে একই গ্রামের বিপুল পোদ্দারের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বাদানুবাদ হয়। এর জের ধরে বিপুল পোদ্দারের পক্ষ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা অমরেশ সাহা, মহাদেব সাহা, কেষ্ট সাহার নেতৃত্বে গ্রামের মাতবরেরা আমাদের একঘরে করে রেখেছেন। তাঁরা আমাদের বাড়িতে পূজা করতে আসতে গ্রামের পুরোহিতকেও নিষেধ করে দিয়েছেন। এমনকি ১৭ মার্চ গ্রামের বারোয়ারি মন্দিরে পরিবারের নারী সদস্যরা দোলযাত্রার পূজা দিতে গেলে মাতবরেরা তাঁদের লাঞ্ছিত করেন।’
বিপ্লব সাহার পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ স্বীকার করে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি অমরেশ সাহা বলেন, বিপ্লবরা গ্রামের কাউকে মানে না। অশান্তি করে বেড়ায়। তাই বাধ্য হয়ে তাদের একঘরে করা হয়েছে।
বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহিম ফকির বলেন, ‘আমি অনেকবার বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করেছি। কিন্তু ওই গ্রামের মাতবরদের অসহযোগিতার জন্য মীমাংসা করতে ব্যর্থ হয়েছি।’
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।