পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মিরাকান্দা মহল্লা থেকে রিয়াদ ফকির (১৩) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
রিয়াদ মিরাকান্দা মহল্লার সেকেন্দার ফকিরের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে সবার বড়। সে নগরকান্দা এমএন একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে রিয়াদ ঘরে একা ছিল। রিয়াদের মা সকাল সাড়ে নয়টার দিকে ঘরে ঢুকে রিয়াদকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রিয়াদকে নিচে নামিয়ে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিয়াদের বাবা সেকেন্দার ফকির অভিযোগ করেন, রিয়াদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে প্রতিবেশীরা বলছেন, রিয়াদ সম্ভবত তার মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মুত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।