পরিবারের অভিযোগ, পুলিশ হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে নাটোরের সিংড়া থেকে গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান জামিনে ছাড়া পাওয়ার পর থেকে ‘নিখোঁজ’ রয়েছেন। গত মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি। মিজানুরের পরিবারের দাবি, পুলিশ তাঁকে আগের মতোই আবার আটক করেছে। তবে পুলিশ বলছে, মিজানুরের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।
নাটোর জেলা কারাগার সূত্রে জানা যায়, মিজানুরকে গত মঙ্গলবার কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। তাঁকে আর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়নি।
গত বছরের ১৬ জুলাই পুলিশ সিংড়ার বড় বারৈই হাটি গ্রামের বাড়ি থেকে মিজানুরকে আটক করেছিল। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সে বছরের নভেম্বরে গোয়েন্দা পুলিশ মিজানুরের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। মিজানুরের বাবা মেহের আলী মাস্টার গতকাল বৃহস্পতিবার বিকেলে বলেন, আটকের পরদিন সিংড়া থানা পুলিশ মিজানুরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। মামলায় তাঁকে আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন সদস্য উল্লেখ করা হয়। ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট মিজানুরকে ছয় মাসের জামিন দেন। নাটোরের মুখ্য বিচারিক হাকিম ১৪ ফেব্রুয়ারি তাঁকে কারাগার থেকে মুক্তি দিতে ছাড়পত্র পাঠান। মেহের আলী মাস্টার জানান, ওই দিন বিকেল পাঁচটায় তিনিসহ পরিবারের সদস্যরা কারা ফটকে যান। তবে কিছুক্ষণ পরে ওই দিন মুক্তি পাওয়া ব্যক্তিদের তালিকা কারা ফটকে ঝুলিয়ে দেওয়া হলেও তাতে মিজানুরের নাম ছিল না। এ সময় তাঁদের পরদিন সকালে যোগাযোগ করতে বলা হয়। বুধবার সকালে তাঁরা কারা ফটকে গেলে জানতে পারেন, মিজানুরকে মঙ্গলবার সন্ধ্যায়ই ছেড়ে দেওয়া হয়েছে। এ কথা শুনে তাঁরা মিজানুরের জন্য খোঁজাখুঁজি শুরু করেন। মেহের আলী বলেন, তিনি বুধবার বিকেল পাঁচটার দিকে ছেলের খোঁজ জানতে পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে ঢুকতেই তিনি মিজানুরকে ডিবি কার্যালয় থেকে (ভবনের একতলায়) পুলিশ সুপারের কার্যালয়ে (দোতলায়) নিয়ে যেতে দেখেন। ছেলের সঙ্গে তাঁদের চোখাচোখি হলেও কোনো কথা বলতে পারেননি।
পরিবারের পক্ষ থেকে তাঁদের কাছে থাকার কথা বলা হচ্ছে বলে জানালে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুব হোসেন বলেন, ‘কই, না তো।’ এসপি বিপ্লব বিজয় তালুকদার গতকাল বৃহস্পতিবার রাতে বলেন, ‘এটা আমার নলেজে (জানা) নেই। গত পরশু আমি রাজশাহীতে ছিলাম।’