পরিবারের অমতে বিয়ে করে পালিয়ে বেড়াচ্ছেন নবদম্পতি
পরিবারের অমতে বিয়ে করায় মা-বাবা ও মামাদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও অনাগত শিশু হত্যার অভিযোগ এনেছেন এক নারী। তিনি ও তাঁর স্বামী এখন পালিয়ে বেড়াচ্ছেন।
গতকাল মঙ্গলবার বরিশাল নগরের রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ আনেন ওই নারী (২০)। তাঁর বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। নিরাপত্তাজনিত কারণে তিনি বরিশালে সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যে ওই নারী বলেন, চার বছর আগে একই উপজেলার এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক হয়। গত বছরের ১১ নভেম্বর ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে তাঁরা বিয়ে করেন। বিয়ের খবর জানতে পেরে তাঁর স্বামীর বিরুদ্ধে অপহরণ মামলা করেন তাঁর বাবা। পরে তাঁর মামাতো ভাইকে বাদী করে আরও একটি মামলা করানো হয়। কিন্তু ২৯ নভেম্বর ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে অপহরণ নয়, স্বেচ্ছায় বিয়ে হয়েছে প্রমাণিত হওয়ার পর আদালত তাঁকে তাঁর স্বামীর জিম্মায় থাকার আদেশ দেন। এ সময় তাঁর মা-বাবা ও মামারা উপস্থিত ছিলেন। ওই নারী লিখিত বক্তব্যে উল্লেখ করেন, এরপর তাঁর মামারা তাঁর স্বামীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে পুলিশি হয়রানি শুরু করেন। মামলায় তাঁর শ্বশুরবাড়ির লোকজনকেও জড়ানো হয়। এ ছাড়া তাঁদের (নারী ও তাঁর স্বামী) মুঠোফোনে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, রাজৈর থানার পুলিশের সহযোগিতায় তাঁকে তাঁর মা-বাবার কাছে ফেরত পাঠানো হয়। তখন তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। সেখানে ১৫ দিন আটকে রেখে তাঁর ওপর নির্মম নির্যাতন চালানো হয়। তাঁর মামারাও নির্যাতন চালান। একপর্যায়ে তাঁর এক মামা পেটে লাথি মারলে তাঁর গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। ৯ ফেব্রুয়ারি তাঁর গর্ভপাত হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি পালিয়ে যান। নির্যাতনের সময় তাঁর স্বামীকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। অন্যথায় তাঁর স্বামীকে মেরে ফেলার হুমকি দেন সবাই। এখন তাঁরা দুজন পালিয়ে বেড়াচ্ছেন। তিনি এ ব্যাপারে আদালতে মামলা করতে চান।
সংবাদ সম্মেলনে অপহরণ না হওয়া-সংক্রান্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি ও অন্যান্য প্রমাণপত্র উপস্থাপন করেন নির্যাতনের শিকার ওই নারী।
মুঠোফোন বন্ধ পাওয়ায় ওই নারীর বাবার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর সেজ মামা বলেন, নির্যাতনের ঘটনা ঠিক নয়। দুজনের হদিস পেতে পুলিশের সহায়তা নেওয়া হয়েছে মাত্র।
সংবাদ সম্মেলনে বরিশালের মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়ক মুনীরা পারভীন উপস্থিত ছিলেন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ওই নারী যেহেতু সাবালক এবং তাঁরা স্বেচ্ছায় বিয়ে করেছেন, তাই তাঁদের ওপর চাপ বা নির্যাতন মানবাধিকারের লঙ্ঘন। এ ব্যাপারে ওই নারীকে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়া হবে।