পরিবারের কাছে লাশ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার হায়দরাবাদ সীমান্তের ওপারে ভারতের কমলছড়া থানার নজিরপুর এলাকায় গ্রামবাসীর পিটুনিতে নিহত বাংলাদেশের নাগরিক জসিম উদ্দিনের (৪২) লাশ গতকাল শুক্রবার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জসিম উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা বলছেন, জসিম মানসিকভাবে অসুস্থ ছিলেন।
তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দাবি, বুধবার ডাকাতি করতে গিয়ে ভারতের গ্রামবাসীর পিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জসিম মারা যান।
জসিমের ভাই নুরে আলম বলেন, ‘রোববার থেকে জসিম উদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জানলাম তাঁকে ভারতে হত্যা করা হয়েছে। কারা কীভাবে হত্যা করেছে, বলতে পারব না। পুলিশের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার আমরা লাশ নিতে এসেছি। গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি ডাকাতির সঙ্গে জড়িত থাকতে পারেন না।’
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া বলেন, বুধবার দুপুরে তিন সহযোগীসহ জসিম উদ্দিন ভারতে ঢোকেন বলে জানা যায়। সেখানে তাঁকে পিটুনি দেয় ভারতের গ্রামবাসী। বাকি তিনজন পালিয়ে যান। বিএসএফের সদস্যরা জসিমকে উদ্ধার করে বক্সনগর হাসপাতালে ভর্তি করেন। বুধবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর আগে বিএসএফ জসিমের ঠিকানা জেনে নেয়। এরপর বুড়িচংয়ের শংকুচাইল সীমান্ত ফাঁড়ির (বিওপি) বিজিবির সদস্যদের বিষয়টি জানানো হয়।
বিজিবি বিষয়টি বুড়িচং থানায় জানায়। এখানকার পুলিশ নোয়াখালীর বেগমগঞ্জ থানায় জানায়। এরপর পরিবারের সদস্যরা সীমান্তে এসে লাশ শনাক্ত করেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় লাশ হস্তান্তর করা হয়। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীর থেঁতলানো। এ ঘটনায় জসিমের পরিবার মামলা করেনি।
জসিম উদ্দিনের ছেলে মো. ইলিয়াস মিয়া বলেন, ‘কেন তিনি সেখানে (ভারতে) গেলেন, তা বলতে পারব না। কেন তাঁকে মারা হলো, তা-ও বুঝতে পারছি না।’