পরিবারের দাবি জঙ্গিদের সঙ্গে সম্পর্ক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবী রিমান্ডের দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে র‌্যাব। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তিন আইনজীবীর পরিবার বলছে, জঙ্গিদের সঙ্গে তাঁদের পরিবারের কারও সম্পর্ক নেই। তদন্তে তাঁরা নির্দোষ প্রমাণিত হবেন।
গ্রেপ্তার তিন আইনজীবীর একজন মো. হাসানুজ্জামান। তাঁর বড় ভাই কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা। জঙ্গি সংগঠনকে অর্থসহায়তা দেওয়ার অভিযোগে তাঁর ভাইকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে গতকাল প্রথম আলোর কাছে দাবি করেন, কোথাও একটা ভুল হচ্ছে। তদন্তে তাঁর ভাই নির্দোষ প্রমাণিত হবে। তিনি বলেন, ‘এত টাকা দেওয়ার মতো অবস্থা আমাদের পুরো পরিবারের নেই।’
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাসানুজ্জামানের ভাই সোহেল রানা জানান, তাঁদের বাবা আবদুর রাজ্জাক ৩০ বছর বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি মারা যান। তাঁর বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জানান, হাসানুজ্জামান তাঁর দুই ভাইকে নিয়ে স্ত্রীসহ মিরপুরের বাসায় থাকতেন।
গ্রেপ্তার আরেক আইনজীবী মাহফুজ চৌধুরীর পরিবার রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকায় থাকে। তাঁর মা মাকসুদা চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘টাকা না থাকায় মাহফুজকে ব্যারিস্টারি পড়াতে পারিনি। সে কোথায় এত টাকা পাবে।’ তিনি দাবি করেন, তাঁর ছেলে নির্দোষ। কেউ হয়তো তাঁকে ফাঁসিয়ে দিতে পারে। জঙ্গিদের সঙ্গে সে জড়িত থাকতে পারে না।’
এর আগে গত বুধবার আইনজীবী শাকিলা ফারজানার স্বামী ব্যবসায়ী মো. বাহাদুর প্রথম আলোকে বলেছিলেন, তাঁদের পরিবারের কারও সঙ্গে জঙ্গিদের কোনো সম্পৃক্ততা নেই। ফারজানার চাচা সৈয়দ নেছার উদ্দিন বলেছিলেন, নাশকতার মামলায় বিএনপির অনেক নেতা-কর্মীর জামিন করিয়েছেন তাঁর ভাতিজি। এ কারণে তাঁকে ফাঁসানো হয়েছে।
র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিন আইনজীবীর চার দিনের রিমান্ড শেষে তদন্তের অগ্রগতির বিষয়টি গণমাধ্যমকে জানানো হবে। রিমান্ডের দ্বিতীয় দিনে গতকাল বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তাঁরা। এসব তথ্য যাচাই করছে র‌্যাব।
গত মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আইনজীবী শাকিলা ফারজানা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক। তাঁর বাবা সৈয়দ ওয়াহিদুল আলম চট্টগ্রামের হাটহাজারীর সাবেক সাংসদ এবং বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক। গ্রেপ্তার অপর দুজন হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাসানুজ্জামান ও ঢাকা জজকোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী। বুধবার সন্ধ্যায় বাঁশখালীর আদালতে হাজির করে তাঁদের প্রত্যেককে চার দিন করে রিমান্ডে নেয় র‌্যাব।
গত বুধবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে র‌্যাব দাবি করে, মনিরুজ্জামানসহ কয়েকজন জঙ্গির স্বীকারোক্তিতে ‘শহীদ হামজা ব্রিগেড’-এর অর্থের জোগানদাতা হিসেবে এই তিন আইনজীবীর নাম এসেছে। আদালতের নির্দেশনা ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বিভিন্ন ব্যাংক হিসাব পর্যালোচনা করে দেখা যায়, এই জঙ্গি সংগঠনটির জন্য সংগৃহীত ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার মধ্যে তিন আইনজীবী ১ কোটি ৮ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া অর্থের জোগানদাতা হিসেবে দুবাইয়ের নাগরিক আল্লামা লিবদির নাম জানা গেছে।
র‌্যাবের দাবি, আইনজীবী শাকিলা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ করে ৫২ লাখ টাকা, আইনজীবী মো. হাসানুজ্জামান ৩১ লাখ এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দিয়েছেন জঙ্গিদের।