চট্টগ্রাম নগরের খুলশী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় মুক্তিযোদ্ধার সন্তান সরকারি কর্মকর্তা জিয়াউল করিম তারেককে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জিয়াউল করিমের পরিবার এ অভিযোগ করে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
জিয়াউল করিম খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুইমারা খাদ্যগুদামের পরিদর্শক। বর্তমানে তিনি কারাগারে।
সংবাদ সম্মেলনে জিয়াউল করিমের বড় ভাই রেজাউল করিম লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, তাঁর বাবা মরহুম আনোয়ার হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। তাঁর মা নেছারা বেগম চকরিয়া উপজেলার লক্ষ্যার চর ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রী। তিনি (রেজাউল) লক্ষ্যার চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁদের পরিবারের কেউ জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, পুলিশ অর্থের বিনিময়ে তাঁর ভাইকে নাশকতার মামলার আসামি করেছে। পুলিশ গল্প সাজিয়েছে, বোমা মারতে টোকাইদের পাঁচ হাজার টাকা দিয়েছেন তাঁর ভাই, যা রূপকথার গল্পকেও হার মানায়।
রেজাউল করিমের অভিযোগ, চট্টগ্রাম বিভাগীয় খাদ্যপরিদর্শক সমিতির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে ফখরুল আলম নামের একজন পরাজিত হওয়ার পর তাঁর ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। তিনিই পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে তাঁর ভাইকে নাশকতার মামলার আসামি করিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে বান্দরবান সদর খাদ্যগুদামের পরিদর্শক ফখরুল আলম বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবে। তাঁকে ফাঁসাতে যাব কেন?’
জিয়াউলের মা নেছারা বেগম বলেন, তাঁর ছেলেকে এই ‘মিথ্যা’ মামলা থেকে অব্যাহতি না দিলে তাঁরা অনশন করবেন।
সংবাদ সম্মেলনে জিয়াউলের স্ত্রী তাইয়াবা সিদ্দিকাও উপস্থিত ছিলেন।
অভিযোগ অস্বীকার করে খুলশী থানার ওসি মাইনুল ইসলাম ভুঁইয়া জানান, ১০ ফেব্রুয়ারি খুলশীর মাস্টারলেন এলাকা থেকে দুজনকে পেট্রলবোমাসহ আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, পেট্রলবোমা মারার জন্য জিয়াউল তাদের পাঁচ হাজার টাকা দিয়েছেন। পরের দিন গ্রেপ্তারকৃতদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও একই তথ্য দেন। পরে জিয়াউলকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, জিয়াউল জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে গোয়েন্দা তথ্য আছে।