পরিবারের দাবি হত্যাকাণ্ড, পুলিশ বলছে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান ওরফে পলাশ
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিজানুর রহমানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে পরিবারের পক্ষ থেকে এই দাবি করা হয়।

প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদনের সূত্র ধরে পুলিশ বলছে, বান্ধবীর সঙ্গে মনোমালিন্যের জেরে মিজানুর আত্মহত্যা করেছেন।

মিজানুর বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাঁশেরহাট এলাকার একটি ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন। গত ১৮ মার্চ ছাত্রাবাস থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ।

মিজানুরের পরিবারের দাবি, মিজানুরকে হত্যা করা হয়েছে। পুলিশ তাদের কোনো ধরনের সহযোগিতা করছে না। এ ঘটনায় ছাত্রাবাসের মালিক রেজাউল ইসলাম ও মিজানুরের আট সহপাঠীর বিরুদ্ধে আদালতে মামলা করেছে পরিবার। মামলার অভিযোগে ছাত্রাবাসের দুই শিক্ষার্থীর সঙ্গে মিজানুরের বিরোধের কথা বলা হয়েছে।

আরও পড়ুন

মিজানুরের বাবা আবদুস সাত্তার সংবাদ সম্মেলনে বলেন, ১৮ মার্চ রাতে পুলিশ পরিচয়ে ফোন করে তাঁদের জানানো হয়, মিজানুরের অবস্থা ভালো না। দ্রুত দিনাজপুর হাসপাতালে যেতে বলে পুলিশ। হাসপাতালের মর্গে গিয়ে মিজানুরের লাশ দেখতে পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ ও ছাত্রাবাসের মালিক রেজাউল ইসলাম জানান, মিজানুর ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। বিভিন্ন সূত্র থেকে ছবি সংগ্রহ করে দেখা যায়, মিজানুরের এক হাত বাঁধা ছিল, পা মেঝের সঙ্গে অনেকটা বাঁকানো ছিল। আত্মহত্যা করলে গলায় যে ধরনের দাগ থাকার কথা, তেমন দাগও ছিল না। এ কারণে আদালতে হত্যা মামলা করা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ছাত্রাবাসের দরজা ভেঙে মিজানুরের লাশ উদ্ধার করা হয়েছে। তখন তিনি ঝুলন্ত অবস্থায় ছিলেন। এ ঘটনায় পরিবার প্রথমে অপমৃত্যু মামলা করে।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে পরিবার
ছবি: সংগৃহীত

ময়নাতদন্ত প্রতিবেদনে এসেছে, মিজানুর আত্মহত্যা করেছেন। বান্ধবীর সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলেই মনে হয়েছে। তাঁর পরিবার আদালতে একটি পিটিশন মামলা করে। ওই মামলার তদন্ত চলছে।

অভিযোগের বিষয়ে ছাত্রাবাসের মালিক রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি ওই ছাত্রাবাসে থাকেন না। রাতে মিজানুরের বান্ধবী তাঁকে ফোন করে বলেন, মিজানুরকে মুঠোফোনে পাচ্ছেন না। পরে তিনি ছাত্রাবাসে এক ছাত্রকে মুঠোফোনে কল করে বিষয়টি জানান। ওই ছাত্রও তখন ছাত্রাবাসে না থাকায় আরেক ছাত্রকে গিয়ে দেখতে বলেন। তিনি গিয়ে দেখেন, মিজানুরের কক্ষের দরজা বন্ধ, ভেতরে তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে পুলিশ এসে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘শুনেছি ছাত্রাবাসের মালিক ও কয়েকজন ছাত্রের বিরুদ্ধে মামলা করেছে মিজানুরের পরিবার। যাঁরা মিজানুরের মৃত্যুর খবর শুনে ছাত্রাবাসে ছুটে গেছেন, তাঁদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। আমার প্রত্যাশা, তদন্তে যেন সত্য বেরিয়ে আসে। কেউ যেন অকারণে হয়রানির শিকার না হন।’