পরিবারের দাবি হামলাকারী যুবক মানসিক ভারসাম্যহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদের ভেতরে ইমামকে ছুরিকাঘাত করা যুবককে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে পরিবার। তবে ইমামের অনুসারীরা এই বক্তব্য বিশ্বাস করতে নারাজ। তাঁদের দাবি, ঘটনাটি ভিন্ন খাতে নিতে পরিবার এই কৌশল নিয়েছে। অন্যদিকে পুলিশ বলেছে, গণপিটুনিতে ওই যুবক গুরুতর আহত হয়েছেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে যুবকটি মানসিকভাবে সুস্থ কি না, তা জানতে চিকিৎসকের মতামত নেওয়া হবে।
গুরুতর আহত ইমাম শাহ আলম নঈমী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার বিকেলে ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক কাউসার উল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, নঈমীর বুকে রক্ত জমাট বেঁধেছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের পাইন্দং গ্রামের আশরাফাবাদ দরবার শরিফের মসজিদে গত সোমবার মাগরিবের নামাজের সময় ইমাম নঈমীকে ছুরিকাঘাত করেন সালাহ উদ্দিন নামের ওই যুবক।
হামলার বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা প্রথম আলোকে বলেন, জায়গা নিয়ে বিরোধের কারণে এই হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন। হামলাকারী যুবক জঙ্গি নয় বলেও জানান তিনি।
গতকাল দুপুরে পাইন্দং এলাকায় সালাহ উদ্দিনের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর বাবা নুর মোহাম্মদ ও মা চেমন আরা বেগমের সঙ্গে। তাঁদের দাবি, পাঁচ বছর আগে এইচএসসির নির্বাচনী পরীক্ষায় ফল খারাপ হওয়ার পর থেকে অসংলগ্ন কথাবার্তা বলা শুরু করেন সালাহ উদ্দিন। সোমবার সন্ধ্যায় ওই মসজিদে নামাজ পড়তে যান। ইমামকে ছুরিকাঘাত করার ঘটনায় তাঁরা ব্যথিত ও লজ্জিত।
অবশ্য পরিবারের দাবি প্রত্যাখ্যান করেছেন শাহ আলম নঈমীর আত্মীয় ও তাঁর ছাত্ররা। তাঁদের অভিযোগ, হামলাকারীকে রক্ষা করতে ঘটনাটি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
গতকাল বিকেলে হাসপাতালে নঈমীর ছাত্র মো. নুরুল কবির প্রথম আলোকে বলেন, তাঁর শিক্ষকের (নঈমী) গ্রামের বাড়ি রাউজানের নোয়াপাড়া এলাকায়। তিনি ফটিকছড়ি, বায়েজিদ ও কক্সবাজারের চকরিয়ায় একটি কমপ্লেক্সের অধীনে তিনটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ফটিকছড়িতে তাঁর কোনো সম্পত্তি বা বাড়িঘর নেই। সেখানে জমি নিয়ে বিরোধের প্রসঙ্গ আসবে কেন? নঈমীর আরেক ছাত্র মো. সাইফুদ্দিন বলেন, তাঁরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত চান।
ফটিকছড়ি থানার ওসি মো. আবু ইউসুফ মিয়া গতকাল বিকেলে বলেন, পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সালাহ উদ্দিনের চিকিৎসা চলছে। তাঁর পরিবার ও ইমামের স্বজন দুই পক্ষের বক্তব্যই পুলিশ শুনেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।