পুলিশ সুপার বাবুল আক্তারের পরিবারের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল কি না, সে প্রশ্ন তুলেছেন তাঁর স্বজনেরা। গত রোববার সকালে এই পুলিশ কর্মকর্তার চট্টগ্রামের বাসায় নিরাপত্তার দায়িত্বে কেউ ছিলেন না।
বাবুল আক্তারের ফুফাতো ভাই মো. ওয়াহিদ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার দিন সকাল থেকে বাসায় কোনো পুলিশ সদস্য ছিলেন না। পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন প্রতিদিন সকালে এসে বাবুল আক্তারের ছেলেকে স্কুলবাসে তুলে দিত। শুনেছি, ভাবি তাকে ঘটনার দিন আসতে বলেননি। কিন্তু তিনি না আসলেও বাসায় আর কোনো পুলিশ সদস্য ছিলেন না।’
গত রোববার সকালে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নিজ বাসার ১০০ গজ দূরে ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম।
গত রোববার সকালে স্ত্রী মাহমুদা খানমকে হত্যার খবর শুনে ঢাকা থেকে চট্টগ্রামে ছুটে যান বাবুল আক্তার। সেদিন বেলা পৌনে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসকের কক্ষে তিনি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদকে উদ্দেশ করে বলেছিলেন, ‘আমার পরিবারকে কেন দেখে রাখা হয়নি? আমি তো আগেই বলেছিলাম, তারা আমার পিছু ছাড়বে না।’
ঘটনার দিন বাসায় পুলিশ না থাকার বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম থেকে বদলি হলেও বাবুল আক্তারের বাসা থেকে গার্ড প্রত্যাহার করা হয়নি। দুজনই রয়েছেন। কনস্টেবল সাদ্দাম হোসেন কেন সেদিন সকালে বাসায় যাননি, এই প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ‘সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।’
মাহমুদা খানম খুন হওয়ার পর বাবুল আক্তারের বাসায় সাদ্দাম হোসেনের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি তখন বলেছিলেন, ‘শনিবার রাতে কেন ভাবি আমাকে ফোন করলেন না। আমি যদি আসতাম, তাহলে হয়তো ভাবি বেঁচে যেতেন। আজ সকালে আমি কেন বাসায় আসলাম না...।’