
‘সালাহউদ্দিন আমাদের পরিবারকে আগলে রাখত। সবাই যাতে একটু ভালো থাকি সে চেষ্টা করত। এখন আর আগলে রাখার মানুষ নেই, ভালোবাসাও নেই। আসলে মানুষ চলে গেলে কিছুই থাকে না।’
গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার বাসায় গত বৃহস্পতিবার এভাবেই নিজের ভাইয়ের কথা বলছিলেন হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত বনানী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন খানের ভাই রাজি উদ্দিন খান। সাত ভাই ও তিন বোনের মধ্যে রাজি উদ্দিন সবার বড়।
কর্মসূত্রে সালাহউদ্দিন পরিবার নিয়ে ঢাকায় থাকলেও গ্রামের বাড়ির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। পরিবারের খরচও তিনি জোগাতেন। সে কথা তুলে রাজি উদ্দিন বলেন, ‘সে-ই চালাত আমাদের পরিবার। এখন আমরা আর ভালো নেই। টানাপোড়েনে আছি।’ তিনি আরও বলেন, ভাই হারানোর শোক তাঁরা এখনো কাটিয়ে উঠতে পারেননি। সে দিনের দুঃসহ স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন।
রাজি উদ্দিন বলেন, ‘সালাহউদ্দিন একবার আমাকে বলেছিল, ভাইজান, আপনাকে আর কষ্ট করতে হবে না। এখন থেকে আপনার কোনো কাজ করতে হবে না। সেই থেকে আমি আর তেমন কিছু করি না। এরপর সালাহউদ্দিন পরিবারের দেখাশোনার ভার নেয়।’ তিনি আরও বলেন, ‘ছোট থেকেই সালাহউদ্দিন শান্ত স্বভাবের ছিল। ভালো ক্রিকেট খেলত। আমাদের বাবা শিক্ষক। তিনি এত বড় সংসার চালাতে হিমশিম খেতেন। তখন আমি ছোটখাটো ব্যবসা করি। টানাপোড়েনের মধ্যে আমাকেই সংসারের হাল ধরতে হয়।’
হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময় তিনি ঢাকায় ছিলেন। হামলার ঘটনার কিছু আগে বনানী থানায় সালাহউদ্দিনের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। ‘থানায় গিয়ে দেখি চা নিয়ে বসে আছে। আর একটা কাগজ খুব মনোযোগ দিয়ে পড়ছে। আমাকে বলল, ভাইজান, আপনি নামাজ পড়ে আসেন, আপনাকে নিয়ে বাইরে যাব। এই ছিল তার সঙ্গে শেষ কথা। এর কিছু সময় পরে শুনি সে আর নেই।’
রাজি উদ্দিনের সঙ্গে কথা বলার সময় তাঁর আরেক ভাই মোহাম্মাদ আলী খান পাশে ছিলেন। তিনি বলেন, ‘আমার ভাই ছিলেন মাটির মানুষ।’
সালাহউদ্দিনের বাল্যবন্ধু হাবিবুর রহমান তাঁর মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলেন, ‘ওর সবচেয়ে ভালো গুণ সবার সঙ্গে ভালো ব্যবহার করা। ছোটবেলা থেকে এই শহরের ব্যাংকপাড়ায় বড় হয়েছে। কারও সঙ্গে কখনো ঝগড়া-বিবাদ হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমার মতো কেউ যেন তার বন্ধুকে না হারায়।’