পরিবারের সদস্যদের হাতে ছয় মাসে ১০ খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম ছয় মাসে টাঙ্গাইলে নিজ পরিবারের সদস্যদের হাতে আটটি ঘটনায় ১০ জনের খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে মায়ের হাতে ছেলে, ছেলের হাতে মা, ভাইয়ের হাতে ভাই, ছেলের হাতে বাবা এবং গৃহবধূর হাতে ভাশুর খুনের ঘটনা রয়েছে।

এসব ঘটনায় হওয়া মামলার এজাহার ঘেঁটে ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদক, যৌন সহিংসতা ও জমি নিয়ে বিরোধ থেকে এসব হত্যাকাণ্ড ঘটেছে। সব কটি মামলাই এখন তদন্তের পর্যায়ে রয়েছে।

অপরাধ ও মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, এমন সমস্যা শুধু টাঙ্গাইলেই নয়। সামাজিক বৈষম্য, অস্থিরতা ও ভেঙে পড়া পারিবারিক মূল্যবোধ সারা দেশেই মানুষকে এমন হন্তারক বানাচ্ছে। এসব প্রতিরোধে দারিদ্র্য নির্মূল করে বৈষম্য কমানো এবং পারিবারিক বন্ধন জোরদার করার তাগিদ দিয়েছেন তাঁরা।

গত ২৯ মার্চ সদর উপজেলার বিন্যাফৈর গ্রামে এক মা তাঁর ছেলেকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এ গ্রামের হালেমা বেগমকে তাঁর ছেলে হযরত আলী নেশার টাকার জন্য অত্যাচার করতেন। ২৯ মার্চ রাতে নেশার টাকার জন্য মায়ের ওপর চাপ সৃষ্টি করেন হযরত আলী। টাকা না দেওয়ায় মায়ের সঙ্গে অশোভন আচরণ করেন। এ সময় রাগে-ক্ষোভে মা ছেলের মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়।

নাগরপুর উপজেলায় এক গৃহবধূকে তাঁর ভাশুর মিজানুর রহমান গত ১৭ এপ্রিল ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধূ মিজানুরের মাথায় শাবল দিয়ে আঘাত করলে তিনি মারা যান। গত ২৯ এপ্রিল নাগরপুরে চরভাঙ্গা গ্রামে নেশার টাকা না দেওয়ায় ছেলে আজাহার আলী বাবা লাল মিয়াকে কুপিয়ে হত্যা করেন।

মধুপুর উপজেলার কৈয়াপাড়া গ্রামে নেশার টাকা না দেওয়ায় মিরাজ নামের এক তরুণ ১৩ মার্চ তাঁর মা মিনারা বেগমকে কুপিয়ে হত্যা করেন। মিনারা বেগমকে রক্ষা করতে আকবর আলী নামের এক প্রতিবেশী এগিয়ে এলে তাঁকেও মিরাজ কুপিয়ে হত্যা করেন।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হেলালউদ্দিন আহমদ মনে করেন, পারিবারিক এসব হত্যাকাণ্ড বেশির ভাগ ক্ষেত্রেই উদ্দেশ্যমূলক নয়। সামাজিক বৈষম্য চরমভাবে বেড়ে গেছে। আর এর ফলে ক্ষুব্ধ ও হতাশ ব্যক্তি নিজের পরিবারের ওপরই চড়াও হচ্ছে।

মাদকসংক্রান্ত এসব ঘটনার পাশাপাশি জমি নিয়ে বিরোধের কারণে হত্যাকাণ্ড হয়েছে।

২৫ এপ্রিল বাসাইল উপজেলার বালিয়া গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মৃত সোমেজ উদ্দিনের ছেলে হানিফ ও দুলালের ঝগড়া হয়। একপর্যায়ে হানিফ তাঁর লোকজন নিয়ে দুলালের ওপর হামলা করেন। এতে দুলাল মারা যান। জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২৭ এপ্রিল এ উপজেলার নাকাসিম গ্রামে নিলু সরকারকে (৬০) তাঁর ভাতিজা দীপক সরকার ও ভাতিজির স্বামী সুবল সরকার মারধর করেন। এতে নিলু মারা যান।

২৪ এপ্রিল সখীপুর উপজেলার হতেয়া কাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর মরদেহ মির্জাপুর উপজেলার হলুদিয়াচালা এলাকা থেকে উদ্ধার করা হয়। আগের দিন তাঁর ভাতিজা রফিকুল ও নাতি পনির আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে মোহাম্মদ আলীকে হত্যা করে ডোবার মধ্যে লাশ ফেলে রাখে।

নাগরপুরের খাসশাহাজানি গ্রামে ৭ ডিসেম্বর হযরত আলী ও তাঁর ভাই সোলায়মানের মধ্যে বিরোধ হয়। সোলায়মানের স্ত্রী সাজু বেগম বিরোধ থামাতে গেলে হযরত আলী লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে সোলায়মান তাঁর ভাই হযরত আলীকে লাঠি দিয়ে পেটান। এতে ঘটনাস্থলেই সাজু বেগম ও হজরত আলীর মৃত্যু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান বলেন, ‘বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। অর্থনৈতিক অগ্রগতি, নগরায়ণ ও নতুন প্রযুক্তি সমাজে হঠাৎ করেই কিছু পরিবর্তন এনেছে। আর এর সঙ্গে মানুষ খাপ খাইয়ে নিতে পারছে না। তাই দেখা দিচ্ছে অস্বস্তি।’ তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধ এবং মাদকের মতো বিষয়গুলো সরাসরি অর্থনৈতিক কাঠামোর সঙ্গে যুক্ত।

তাহলে এসব থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়গুলো কী? এ বিষয়ে দুই বিশেষজ্ঞরই কথা, এর সাদামাটা বা চটজলদি সমাধান নেই। চিকিৎসক হেলালউদ্দিন আহমদ মনে করেন, দীর্ঘমেয়াদি সমাধান হলো—মানুষে মানুষে বৈষম্য কমাতে হবে। দারিদ্র্য দূর করতে হবে। আর পারিবারিক সম্পর্ক আরও জোরদার করতে হবে। সন্তানকে গুণগত সময় দিলে মাদক বা পারিবারিক অন্যান্য সহিংসতা রোধ করা সম্ভব হবে।