পরিবারের সবাই মিলে মাদক বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চাশোর্ধ্ব মো. নাছির। গাঁজা, চোলাই মদ ও ইয়াবা বড়ি বিক্রির অভিযোগ তাঁর বিরুদ্ধে। পুলিশের খাতায় মামলা রয়েছে ১৭টি। থানায় করা মাদক ব্যবসায়ীদের তালিকায়ও তাঁর নাম ১ নম্বরে। নাছিরকে পুলিশ বেশ কয়েকবার গ্রেপ্তার করে। প্রতিবারই জামিনে বেরিয়ে আবার শুরু করেন মাদক বিক্রি।

সর্বশেষ ১৪ আগস্ট দুপুরে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদ নগর এলাকার বাসা থেকে তাঁকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় করা মামলায় পর দিন (১৫ আগস্ট) নাছিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ।

পুলিশ জানায়, শুধু নাছির নন, তাঁর স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েও মাদক বিক্রি করেন। দুই মেয়ের বিয়ে হলেও তাঁরাও স্বামীসহ বাবার বাড়িতে থাকেন। তাঁদের বিরুদ্ধেও মামলা রয়েছে। ১০ বছর ধরে তাঁরা মাদক বিক্রির সঙ্গে জড়িত। সোমবার নাছিরকে গ্রেপ্তার করা গেলেও অন্যরা পালিয়ে যান।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, বায়েজিদ বোস্তামী থানার অর্ধেক মাদক নাছিরের স্পট থেকে সরবরাহ করা হয়। অক্সিজেন মোড়ে নাজিরহাট-খাগড়াছড়ি ও রাঙামাটি বাসস্ট্যান্ড এবং বিভিন্ন কারখানা থাকায় শ্রমিকদের আনাগোনা বেশি। এ ছাড়া এলাকাটিতে সহজে মাদক আনা ও বিক্রি করা যায়।

নগরের মুরাদপুর-অক্সিজেন সড়কের অক্সিজেন মোড় থেকে এক কিলোমিটার পূর্ব দিকে নাছিরের ঘর। গত মঙ্গলবার দুপুরে ওই বাসায় গিয়ে দেখা গেছে, সেমিপাকা একটি টিনের ঘর। চারিদিকে সীমানাপ্রাচীর, মাঝখানে মূল ফটক। দুপাশে তিনটি করে কক্ষ রয়েছে। একটি কক্ষের ভেতর টয়লেটের ছাদের মাঝখানে ফাঁকা। তার ওপর টিনের ছাদ কাটা। ঘরে পুলিশ এলে সহজে ওই ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে যাওয়া যায়। ঘরেই পাওয়া যায় নাছিরের মেজ ছেলে মো. শফি, মেজ মেয়ে মরিয়ম আক্তার ও স্ত্রী রূপবান বেগমকে।

মেজ ছেলে মো. শফির বিরুদ্ধে থানায় দুটি মাদকের মামলা রয়েছে। দুটিতেই জামিনে রয়েছেন। মো. শফি বলেন, তাঁর বাবা একসময় রিকশা চালাতেন। পরে শুরু করেন মাদক বিক্রি। বাবার কাজে সহযোগিতা করেন তাঁরা। পাশাপাশি শফি গাড়িতে শ্রমিকের কাজ করার দাবি করেন।

মেজ মেয়ে মরিয়ম আক্তার বলেন, তাঁর বাবা মাদকের ব্যবসা করায় পুলিশ তাঁদেরও মামলার আসামি করেছে। তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তিনি এখন জামিনে রয়েছেন। 

নাছিরের স্ত্রী রূপবান বেগমও একটি মাদক মামলার আসামি। তবে স্বামীর কাজে তিনি অনুতপ্ত। তিনি বলেন, একসময় অভাবের কারণে তাঁর স্বামী মাদক বিক্রি শুরু করেন। এখন ছেলেমেয়েরা বড় হয়েছে। তিনি চান স্বামী মাদক বিক্রি ছেড়ে দিয়ে ভালোভাবে জীবনযাপন করুক। অনেক চেষ্টা করেও তিনি স্বামীকে ফেরাতে পারেননি। এবার কারাগার থেকে এলে আপ্রাণ চেষ্টা করবেন।

পুলিশ সূত্র জানায়, নাছিরের বড় ছেলে মোহাম্মদ বাদলের নামে ছয়টি, ছোট ছেলে শহীদ খানের একটি ও বড় মেয়ে কোহিনূর বেগমের নামে একটি মামলা রয়েছে।

নাছিরকে মাদক ব্যবসা থেকে ছাড়াতে চেষ্টা করেন থানা ও কমিউনিটি পুলিশের কর্মকর্তারা। কিন্তু তিনি কারও কথা শোনেননি। বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন এবং কমিউনিটি পুলিশ সদস্যদের মাধ্যমে নাছিরকে পুনর্বাসনের চেষ্টা করা হয়। তিন মাস আগে ঘরে গিয়ে তাঁর স্ত্রীকে অনুরোধ করা হয় স্বামী, সন্তানেরা যাতে মাদক ব্যবসা ছেড়ে দেয়। ছেলেমেয়েদের ও নাছিরের কাজের ব্যবস্থা করা হবে।

স্থানীয় কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জিএস কফিল বলেন, সকাল থেকে গভীর রাত পর্যন্ত নাছিরের স্পটে মাদক বিক্রি চলে। সন্ধ্যার পর থেকে লোকজন আসা শুরু হয়। বারবার বলা হলেও নাছির বিক্রি বন্ধ রাখেননি।

নাছিরের গ্রামের বাড়ি সন্দ্বীপে। ছোটবেলায় চট্টগ্রাম চলে আসেন। একসময় রিকশা চালান। এরপর এক লোকের মাধ্যমে মাদক ব্যবসা শুরু করেন। অক্সিজেন এলাকার রূপবান বেগমকে বিয়ে করে সেখানেই বসবাস করে আসছেন। তাঁদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম হলেও তাঁদের স্কুলে পাঠাননি। এখন ছোট মেয়েটি ছাড়া অন্যদের নামে মামলা রয়েছে।

১৪ আগস্ট রাত ৯টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানায় পুলিশের উপস্থিতিতে নাছিরের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, ইচ্ছে থাকলেও নিজের ১৭টি এবং ছেলেমেয়েদের মামলার খরচ চালানোর জন্য তিনি মাদক ব্যবসা ছাড়তে পারছেন না। তবে এবার চেষ্টা করবেন।