পরিবেশ অস্বাস্থ্যকর, স্যানিটারি পরিদর্শকের সনদে স্বাস্থ্যকর
বেকারিটির ভেতরের পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর। কিন্তু চার মাস আগে স্যানিটারি পরিদর্শক সনদ দিয়েছেন স্বাস্থ্যকর।
আজ বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট এলাকায় ‘নিউ আজমির বেকারিতে’ অভিযান চালিয়ে পরিবেশ এমন অবস্থা ও স্বাস্থ্য সনদ দুটি পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রুহুল আমীন।
পরে বেকারিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বেকারিটির মালিক এনামুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রুহুল আমীন প্রথম আলোকে বলেন, অভিযানের সময় তিনি দেখতে পান, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক এবং অন্যান্য বেকারি পণ্য বানানো হচ্ছিল। ব্যবহারের জন্য আনা ডিম থেকে গন্ধ বের হচ্ছে। কিছু ডিমে পোকা ধরেছে। নিম্নমানের কাপড়ের রং আর ফ্লেভার খাদ্যে মেশানো হচ্ছে। ব্যবহার করা হচ্ছে কয়েক মাস আগের পুরোনো পোড়া কালো তেল, পাম অয়েল, ডালডা। অস্বাস্থ্যকর পরিবেশে চিনি, ময়দা, খামির ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।
জানতে চাইলে সীতাকুণ্ড স্যানিটারি পরিদর্শক মোহা. জাহেরুল হক প্রথম আলোকে বলেন, গত বছরের ১০ আগস্ট তিনি ওই বেকারিটি পরিদর্শনে যান। তখন সেখানে পরিবেশ স্বাস্থ্যসম্মত ছিল। তাই সনদ দেওয়া হয়েছে।
জাহেরুল হক আরও বলেন, নিরাপদ খাদ্য পরিদর্শক হিসেবে তিনি পাঁচটি উপজেলায় কাজ করেন। যার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শন করতে পারেন না। তবুও তাঁরা সচেতনতার জন্য প্রচারপত্র বিলি করছেন। সচেতন করার চেষ্টা করছেন মালিকদের।