পরিশ্রমের মরিচখেতে বিষ, কৃষকের স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চাষের জন্য নিজের বলতে এক শতক জমিও নেই।প্রথম দিকে পরের খেতে দিনমজুরি করতাম। কিছুদিন আগে দুই বিঘা জমি বর্গা নিয়ে স্বামী-স্ত্রী মিলে পরিশ্রম করে মরিচগাছ লাগিয়েছিলাম।কিন্তু দুর্বৃত্তদের তা সহ্য হলো না।আমার ওই মরিচখেতে বিষ দিয়ে সব গাছ মেরে ফেলল। এ কেমন শত্রুতা?’
কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের সেকেন্দার শাহ (৫০) নামের এক ভূমিহীন কৃষক। এ সময় তাঁর পাশে বসে থাকা স্ত্রী মরিয়ম খাতুনের চোখ বেয়েও পানি ঝরছিল। শনিবার রাতে কে বা কারা ওই দুই বিঘা জমির মরিচখেতে বিষ দিয়ে সব গাছ নষ্ট করে ফেলেছে। এতে তাঁদের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
সেকেন্দার জানান, তাঁদের চাষযোগ্য কোনো জমিজমা নেই। পাঁচ শতক জমিতে চাটাইয়ের তৈরি বেড়া দেওয়া ঘরে থাকেন। তাঁর এক ছেলে এক মেয়ে। দুজনেরই বিয়ে হয়েছে। পরের খেতে দিনমজুরি করেই তাঁদের বিয়ে দিয়েছেন। তিনি বলেন, ২৫-৩০ বছর পরের খেতে কাজ করেছেন। এ বছর তিনি গান্না গ্রামের আমজাদ আলীর কাছ থেকে বছরে ১৬ হাজার টাকার চুক্তিতে দুই বিঘা জমি বর্গা নিয়ে মরিচ চাষ করেন। গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে ওই জমিতে মরিচের চারা লাগান। স্বামী-স্ত্রী মিলে শুরু করেন পরিচর্যা। ছেলে আরিফও তাঁদের মাঠে সহযোগিতা করতেন। খেতে লক্ষাধিক টাকা ব্যয় করেছেন। এর মধ্যে ৬০ হাজার টাকা ধার করে এনেছেন। স্বপ্ন দেখেছিলেন লাভের টাকায় জমি কিনে চাষাবাদ করবেন।
মরিয়ম বেগম বলেন, তাঁদের কোনো শত্রু নেই। কারা তাঁদের এত বড় ক্ষতি করল, তা বুঝতে পারছেন না।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ তাঁকে অভিযোগ করেননি।
১৫০টি গাছ কর্তন: আমাদের নড়াইল প্রতিনিধি জানান, গত শনিবার দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের রামসিদ্ধি গ্রামে জিয়া মোল্যার দেড় শ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
জিয়া মোল্যা বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মতিয়ার সিকদার এবং তাঁর চাচা নাজমুল মোল্যার মধ্যে বিবাদ চলছিল। পূর্বশত্রুতার জের ধরেই দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলেছে।
ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যান সিকদার লিয়াকত হোসেন জানান, কোনো বিষয় নিয়ে কোন্দল থাকতে পারে। কিন্তু এর জের ধরে গাছ কেটে ফেলা জঘন্য অপরাধ। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।