পরীক্ষা কক্ষের কাছেই শিক্ষার্থীকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা কক্ষের কাছেই সাফী ইমাম (১৮) নামের কুমিল্লা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে একদল বহিরাগত দুষ্কৃতকারী। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় এ ঘটনা ঘটে।
কলেজের অন্তত ১০ জন শিক্ষার্থী জানান, গতকাল সকাল নয়টায় উচ্চমাধ্যমিকের নির্বাচনী পরীক্ষা শুরু হয়। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ২১ নম্বর কক্ষ থেকে পরীক্ষা দিয়ে বের হন ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী সাফী ইমাম। এ সময় ১০-১৫ জনের বহিরাগত একটি দল সাফীকে প্রথমে কিল-ঘুষি মারে। এরপর চাপাতি দিয়ে তাঁর মাথার পেছনে কোপ দেয়। এরপর শিক্ষার্থীরা এগিয়ে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে সাফীকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মাথায় তিনটি সেলাই দেওয়া হয়। তিনি এখন শঙ্কামুক্ত।
এ ব্যাপারে সাফী ইমাম বলেন, ‘আমি রাজনীতির সঙ্গে জড়িত নই। পরীক্ষা শেষে বাসায় রওনা হচ্ছিলাম। ওরা আমাকে কেন কুপিয়েছে জানি না। এ ব্যাপারে আমি অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
কলেজের অধ্যক্ষ নাজনীন রহমান বলেন, বহিরাগতরা সংঘবদ্ধভাবে কলেজ ক্যাম্পাসে ঢুকে এ কাজ করেছে।