পরীক্ষা কেন্দ্রেও ছাত্রলীগ!
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (প্রাক-প্রাথমিক শাখা) সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে কেন্দ্রে ঢুকে প্রশ্নপত্রের ছবি মুঠোফোনে তোলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ সময় ওই নেতার মুঠোফোন জব্দ করা হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তবে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানান কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকেরা।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের সরকারি সিটি কলেজে। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন দুই হাজার। এ দিকে এই ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। পরীক্ষা শেষে পুলিশ প্রহরায় উত্তরপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্র ত্যাগ করেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েক জন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কলেজের দক্ষিণ ভবনের নিচতলার ১০১ নম্বর কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়ার পরই বাইরে থেকে দুই যুবক ঢুকে পড়েন। কেন্দ্রের সামনের আসনে বসা পরীক্ষার্থীর কাছ থেকে জোর করে প্রশ্নপত্র কেড়ে নিয়ে তাঁরা মুঠোফোনে ছবি তোলেন। এরপর বের হয়ে যাওয়ার সময় দায়িত্বরত শিক্ষকেরা বাধা দেন। তাঁদের কাছ থেকে মুঠোফোন নিয়ে শিক্ষকেরা দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের হাতে তা তুলে দেন। পরে সেটি সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভুঁইয়ার কাছে জমা দেওয়া হয়।
সরকারি সিটি কলেজের শিক্ষকেরা জানান, কেন্দ্রে জোর করে ঢুকে প্রশ্নপত্রের ছবি তুলেছেন চট্টগ্রাম নগর শাখা ছাত্রলীগের সহসভাপতি নোমান চৌধুরী। তাঁর সঙ্গে থাকা অন্য যুবকের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানায়, নোমানের মুঠোফোন জব্দ করার পর ১০-১৫ জনের একটি দল কলেজ প্রাঙ্গণে ঢুকে হট্টগোল করতে থাকেন। বাধা দিতে গেলে তাঁরা দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় নোমানের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপপরিবেশ বিষয়ক সম্পাদক আবদুর রহিমও ছিলেন।
সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হামিদও প্রথম আলোকে বলেন, পরীক্ষার্থীদের প্রশ্ন দেওয়ার পরপরই বাইরে থেকে দুই যুবক কেন্দ্রে প্রবেশ করে। তাঁরা মুঠোফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত শিক্ষকেরা তাঁদের কাছ থেকে মুঠোফোনটি জব্দ করে। পরে সেটি কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হয়। তবে পরীক্ষা নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।
ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী পরীক্ষাকেন্দ্রে ঢুকে নোমানের প্রশ্নপত্রের ছবি তোলার বিষয়টি অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নোমানের কিছু পরিচিত ছোট ভাই তাঁর মুঠোফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে ছবি তুলেছে। বিষয়টি শোনার পর আমি কলেজে ছুটে যাই। তাঁদেরকে বকা-ঝকা করে কলেজ থেকে বের করে দিই।’ তবে তিনি নোমানের মুঠোফোন জব্দ করা এবং শিক্ষক ও দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে নোমানের দুর্ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন।
ছাত্রলীগের সাবেক নেতা আবদুর রহিমও এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, ‘মুঠোফোনে ছবি তোলার সময় আমি কেন্দ্র তো দূরে থাক, কলেজে পর্যন্ত ছিলাম না। এই ঘটনা শোনার পর কলেজে আসি। তখন দেখি ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমাদের কয়েকজন ছেলের হইচই হয়।’
নগরের সদরঘাট থানার ওসি মাঈনুল ইসলাম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা শুরু হওয়ার পরপর ছাত্রলীগের নামধারী কিছু ছেলে কেন্দ্রে ঢুকে মুঠোফোনে ছবি তুলে নিয়ে আসতে চান। তখন শিক্ষক ও ম্যাজিস্ট্রেট তাঁদের বাধা দেন। হয়তো তাঁদের কোনো পরীক্ষার্থী ছিল। মুঠোফোনে ছবি তুলে এনে পরীক্ষার্থীদের সাহায্য করার মতলব ছিল হয়তো।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব নাসরীন সুলতানা প্রথম আলোকে জানান, আজ সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত নগরের ৩৮টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শাখার জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩১ হাজার ৯২৯ জন।