পরীক্ষা থেকে বহিষ্কার স্কুলছাত্রীর আত্মহত্যা
নারায়ণগঞ্জে উম্মে হাবিবা নামের এক স্কুলছাত্রী গত বৃহস্পতিবার আত্মহত্যা করেছে। সে নগরের গণবিদ্যা নিকেতন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। ওই দিন নকল করার অভিযোগে তাকে পরীক্ষাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এরপর বাড়ি ফিরে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে স্বজনদের দাবি।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উম্মে হাবিবা পদার্থবিজ্ঞান পরীক্ষা দিচ্ছিল। একপর্যায়ে নকল করার অভিযোগ এনে বিদ্যালয়ের এক শিক্ষিকা তার খাতা নিয়ে নেন। পরে বিদ্যালয়ের আরেক শিক্ষক চড়-থাপড় মেরে পরীক্ষাকেন্দ্র থেকে তাকে বহিষ্কার করেন। দুপুরে নিতাইগঞ্জ এলাকায় ভাড়াবাড়িতে ফিরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। এ সময় পরিবারের কেউ বাসায় ছিল না।
হাবিবার মা সেতারা বেগম ও বাবা হাবিব উল্লাহ প্রথম আলোর কাছে অভিযোগ করেন, স্কুলের কয়েকজন শিক্ষকের অপমান সহ্য করতে না পেরেই তাঁদের মেয়ে আত্মহত্যা করে। হাবিবার লেখা চিরকুট দেখে তাঁরা বিষয়টি নিশ্চিত হন। তাঁরা এই ঘটনায় জড়িত শিক্ষকদের শাস্তির দাবি জানান।
গণবিদ্যা নিকেতন উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য জানে আলম বলেন, এই ঘটনার সঙ্গে কোনো শিক্ষকের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাইয়ুমের মুঠোফোনে গতকাল শুক্রবার একাধিকবার কল করে তা বন্ধ পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।