নোয়াখালী সদর উপজেলায় বখাটেদের উত্ত্যক্তের শিকার ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
গত রোববার ওই ছাত্রীর মা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই ছাত্রীর মা ইউএনওর কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে তাঁর মেয়েকে দুই যুবক প্রায়ই উত্ত্যক্ত করত। গত ২২ নভেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ওই দুই যুবক তাঁর মেয়ের পথ রোধ করে। এ সময় তারা হাতে থাকা বোতলে অ্যাসিড আছে বলে তাঁর মেয়েকে ভয় দেখিয়ে পাশের একটি স্টুডিওতে নিয়ে আটকে রাখে। পরে বাজারের লোকজন তাঁর মেয়েকে উদ্ধার করে মাদ্রাসায় পাঠিয়ে দেন।
ছাত্রীর মা অভিযোগ করেন, এ ঘটনার পর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু তাহের ওরফে তাহের নেতা মাদ্রাসায় গিয়ে সুপারিনটেনডেন্টের কক্ষে মেয়েকে ডেকে এনে মারধর করেন ও শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে তাঁর মেয়েকে মাদ্রাসা থেকে বের করে দেন। ১ ডিসেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষায়ও তাঁর মেয়েকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
ওই ছাত্রীর মা বলেন, গতকাল সোমবার পর্যন্ত ষষ্ঠ শ্রেণির চারটি বিষয়ের পরীক্ষা হয়েছে। তাঁর মেয়ে একটি পরীক্ষায়ও অংশ নিতে পারেনি।
ইউএনওর কাছে দেওয়া লিখিত অভিযোগে আরও বলা হয়, তাঁর পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও মো. নূরুল ইসলাম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সোমবার (গতকাল) সারা দিন তিনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। আজ মঙ্গলবার তদন্ত করতে তিনি ওই মাদ্রাসায় যাবেন।
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু তাহের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এলাকার কয়েকজন মুঠোফোনে তাঁকে বলেছেন, মাদ্রাসার ওই ছাত্রী এক ছেলের সঙ্গে স্টুডিওতে গিয়ে দীর্ঘ সময় ধরে কথা বলছে। এ কথা শোনার পর তিনি মাদ্রাসায় গিয়ে সুপারের কক্ষে মেয়েকে ডেকে এনে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছেন। এ সময় সুপারসহ শিক্ষকেরা উপস্থিত ছিলেন। মেয়েটিকে তিনি মারধর কিংবা মাদ্রাসা থেকে বের করে দেননি। তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।
মাদ্রাসার সুপার অলি উল্লা মুঠোফোনে বলেন, তাঁর মাদ্রাসার কোনো মেয়েকে নিয়ে কোনো সমস্যার কথা তিনি জানেন না। কোনো মেয়ে পরীক্ষায় অংশ নেওয়া থেকে বিরত রয়েছে কি না, তাও তাঁর জানা নেই। ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু তাহের এক ছাত্রীকে
তাঁর কক্ষে ডেকে আনার বিষয়ে যে কথা বলা হচ্ছে, তাও তিনি জানেন না।
মাদ্রাসার শিক্ষক মো. কামরুল বলেন, এক ছাত্রীকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।