পরীক্ষা দিতে না দেওয়ায় আত্মহত্যা!
পরীক্ষার ফি ও বকেয়া বেতনের জন্য এক ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে না দিয়ে অপমান করায় ক্ষোভে ও লজ্জায় আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ঢাকার সাভার পৌরসভার আড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মেয়েটির নাম সোনিয়া আক্তার (১৫)। সে আড়াপাড়ার আবদুল গনির মেয়ে। সে পৌরসভার বনপুকুর মহল্লার চাইল্ড হেভেন স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।
সাভার থানার এসআই সুদীপ্ত শাহীন বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ কাবুল মিয়ার অপমানজনক কথার ক্ষোভেই সে আত্মহত্যা করেছে।
মেয়েটির মা তারা বানু বলেন, বছর দশেক আগে স্বামী অন্যত্র চলে যাওয়ার পর তিনি অনেক কষ্টে দুই মেয়ে আর এক ছেলেকে পড়ালেখা করাচ্ছিলেন। এ বছর বড় মেয়ে সোনিয়া দশম শ্রেণিতে ওঠে। কিন্তু বেতনসহ অন্যান্য ফি না দিতে পারায় অধ্যক্ষ মুহাম্মদ কাবুল মিয়ার ভয়ে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। গতকাল তার মডেল টেস্ট পরীক্ষা ছিল। এতে অংশগ্রহণের জন্য সোনিয়াকে নিয়ে তিনি সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যান। এ সময় অধ্যক্ষ কাবুল মিয়া তাঁর কাছে গত বছরের চার মাস ও এ বছরের চার মাসের বেতন ও ফি বাবদ প্রায় তিন হাজার টাকা দাবি করেন। তিনি গত বছরের বেতন পরিশোধ থাকার কথা জানিয়ে এ বছরের বেতন ও পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা দিয়ে বাকি টাকা পরে পরিশোধের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। এতে অধ্যক্ষ ক্ষুব্ধ হয়ে তাঁর মেয়েকে উদ্দেশ করে বাজে মন্তব্য করার পাশাপাশি তাঁকে গালমন্দ করেন এবং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন। বাসায় এসে সোনিয়া কোনো কথা না বলে শুয়ে পড়ে। বেলা একটার দিকে মেয়েকে রেখে তিনি বাজারে যান। বাসায় ফিরে তিনি মেয়েকে ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলতে দেখেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল বেলা আড়াইটার দিকে স্কুলটিতে গিয়ে মূল ফটকে তালা দেখা যায়। পরে অধ্যক্ষের বাসায় গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
বিদ্যালয়ের আশপাশের লোকজন জানান, সোনিয়ার মৃত্যুর খবর শোনার পরপরই অধ্যক্ষসহ অন্যরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে গা ঢাকা দেন। সাভার থানার ওসি কামরুজ্জামান বলেন, অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।