পরীক্ষা দিলেন শিক্ষা কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক চাকরিপ্রার্থীকে সহায়তার উদ্দেশ্যে রাঙামাটির বরকল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন দেব সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার রাঙামাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২৩টি শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন বরকল উপজেলার চাকরিপ্রার্থীরা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে এ নিয়োগ পরীক্ষা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চাকরিপ্রার্থী বলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন দেব এক চাকরিপ্রার্থীকে সহায়তা করতে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় সুমন দেবের ক্রমিক নম্বর ছিল ৪৪৩।
নথিপত্র থেকে জানা যায়, এ বছরের ১০ মার্চ সহকারী শিক্ষক (প্রাক্-প্রাথমিক) পদে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করেন সুমন দেব। সেখানে তিনি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদে নিয়োজিত থাকার বিষয়টি উল্লেখ করেননি।
গত রোববার বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাব হোসেন বলেন, সুমন দেব আবেদন ফরমে অন্যের ছবি ব্যবহার করেছেন এবং সঠিক স্থায়ী ঠিকানা দেননি। তবে তাঁর স্বাক্ষর, পিতা-মাতার নাম, বর্তমান ঠিকানা, মুঠোফোন নম্বর ও শিক্ষাগত যোগ্যতার সনদ—সব ঠিক আছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, একজন সরকারি কর্মকর্তার এ ধরনের কাজ অত্যন্ত গর্হিত। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ অস্বীকার করে সুমন দেব বলেন, ‘সেদিন আমি কোতোয়ালি থানার একজন কর্মকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি না থাকায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে যাই। সেটা হয়তো আমার ভুল হয়েছে।’
রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম বলেন, ‘আমি কেন্দ্রের বিভিন্ন কক্ষে ঘুরেছি। ওই সময় সুমন দেবকে দেখিনি। তবে সুমন দেবের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়ার বিষয়টি আমাকে জানিয়েছেন বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।’
বরকল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি তৌহিদুল ইসলাম বলেন, ‘আমি তাঁকে (সুমন দেব) রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখে অবাক হয়েছিলাম। তিনি পরীক্ষা দেবেন, তা আমি কল্পনাও করতে পারিনি।’
শিক্ষক নিয়োগ কমিটির সদস্যসচিব ও রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ বলেন, একজন শিক্ষা কর্মকর্তার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা দেওয়ার কথা নয়। তাঁর উদ্দেশ্য কী, সেটা জানতে হবে।