রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় সাময়িক বহিষ্কার হওয়ার পরও বিভাগের মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নেতা এস এম তৌহিদ আল হোসেন। গতকাল শনিবার ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা (মৌখিক) দেন তিনি।
গত ২৮ আগস্ট দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেনের নেতৃত্বে বেশ কয়েকজন নেতা-কর্মী। এর পর দিন পদ থেকে তৌহিদকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ আগস্ট তাঁকেসহ তিন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। ওই দিন জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তাঁদের চূড়ান্ত বহিষ্কারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে জানা গেছে, গতকাল শনিবার বিভাগের বিবিএ-২০১৩-এর চূড়ান্ত সেমিস্টারের মৌখিক পরীক্ষা ছিল। ওই সেমিস্টারের শিক্ষার্থী হিসেবে এতে অংশ নেন এস এম তৌহিদ আল হোসেন।
জানতে চাইলে ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের সভাপতি আমজাদ হোসেন বলেন, ‘আমরা তৌহিদের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এ ব্যাপারে আমাদের কিছু জানায়নি। এ কারণে তার মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।’
অধ্যাপক আমজাদ হোসেন আরও বলেন, ‘যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো নির্দেশ দেয় তাহলে প্রয়োজনে তার মৌখিক পরীক্ষা বাতিল করা হবে।’
রেজিস্ট্রার মু. এন্তাজুল হক বলেন, ‘তার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তদন্তাধীন রয়েছে। সাময়িক বহিষ্কারের চিঠি বিভাগে দেওয়া হয়েছে কি না, মনে পড়ছে না।’
উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘তৌহিদকে শুধু বহিষ্কার করা হয়নি, তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। সে কীভাবে পরীক্ষায় অংশ নিল তা খতিয়ে দেখা হবে। এ ছাড়া তার ব্যাপারে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না তাও খতিয়ে দেখা হবে।’