
ভাইকে দিয়ে হাসপাতালেও বই আনিয়ে নিয়েছিল সে। তীব্র ব্যথার কারণে বসতে পারত না, তাই সুযোগ পেলেই শুয়ে শুয়ে পড়েছে। বন্ধুরা সব বাসায় মন দিয়ে পড়ছে, সে কেন বাদ যাবে? তবে শেষ পর্যন্ত আর পরীক্ষা দেওয়া হয়নি তার। গতকাল রোববার সকালে তার বন্ধু চৈতি, ইরিনরা যখন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে, তখন সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায় শুধুই কেঁদেছে।
গত ১৪ অক্টোবর চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় একটি বাসার তিনতলার ছাদ থেকে তাকে ফেলে দেয় এক বখাটে। এ ঘটনায় ওই দিন রাতেই বখাটে আবিদ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
চিকিৎসকেরা জানান, মেয়েটির মেরুদণ্ডের তিনটি হাড়ে চিড় ধরেছে। পায়ের হাড়েও আঘাত লেগেছে। তবে শরীর-মনের আঘাতের চেয়েও তাকে বেশি পোড়াচ্ছে পরীক্ষা দিতে না পারার আক্ষেপ। বখাটের হামলায় তার শিক্ষাজীবন থেকে হারিয়ে গেছে একটি বছর।
মেয়েটির পরিবার জানায়, সে যখন পঞ্চম শ্রেণিতে পড়ে, তখন তার বাবা মারা যান। তবু ওই বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) এ গ্রেড পায় সে। এবার জেএসসি পরীক্ষার জন্য মনোযোগ দিয়ে প্রস্তুতি নিচ্ছিল। আরও ভালো প্রস্তুতির জন্য পাড়ার এক শিক্ষকের কাছে পড়ত সে। কিন্তু ওই দিন পড়া শেষে বাসায় ফেরার আগে তাকে জোর করে শিক্ষকের বাসার ছাদে নিয়ে ফেলে দেয়।
হাসপাতালের চিকিৎসক অধ্যাপক কামাল উদ্দিন বলেন, মেয়েটির মেরুদণ্ডের হাড়ে আঘাত লেগেছে। তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তবে আগের চেয়ে তার অবস্থা কিছুটা ভালো।
মেয়েটির মা বলেন, ‘আমার মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য বই আনিয়েছিল হাসপাতালে। শুয়ে শুয়ে একটু-আধটু পড়ছিল। কিন্তু ব্যথার জন্য পারে না। ডাক্তার বই দেখে বলেন, আগে জীবন বাঁচান, তারপর পরীক্ষা। তারপর ওই চিন্তা বাদ দিই। আমাদের পুরো পরিবারের পূজা কেটেছে হাসপাতালে।’
গতকাল সকালে হাসপাতালে মেয়েটি বলে, ‘হাসপাতালে থাকলেও আমার প্রস্তুতি ভালোই ছিল। বন্ধুরা সবাই পরীক্ষা দিচ্ছে। কিন্তু আমি পারলাম না।’ বলতে বলতে কাঁদতে থাকে সে। এরপর সে বলে, ‘আমার জীবনটা শেষ করে দিল ওই বখাটে। আমি তার শাস্তি চাই।’
মেয়েটির মা জানান, কয়েক দিন আগে হাসপাতালে এসেছিল তার বন্ধুরা। সেদিন তাদের সঙ্গে কথা বলার সময় অনেক কেঁদেছে সে। দুর্গাপূজায় বন্ধুদের সঙ্গে বিভিন্ন মণ্ডপে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সব এলোমেলো হয়ে গেছে।
গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আসামি আবিদ উদ্দিনের জামিনের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী অলক চৌধুরী।
মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপপরিদর্শক আবুল বাশার বলেন, মেয়েটি অসুস্থ হওয়ায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ কারণে অভিযোগপত্র দিতে দেরি হচ্ছে। এমনিতে মামলার সাক্ষী-প্রমাণ আছে।