পরীক্ষা না দিয়েও জিপিএ-৫!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা না দিয়েও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় লালমনিরহাটের এক ছাত্রের জিপিএ-৫ পাওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে ওই ‘ভুল’ সংশোধন করে ছাত্রটি ফেল দেখানো হয়েছে। পাশাপাশি একই বিদ্যালয়ের যে ছাত্রীকে ফেল দেখানো হয়েছিল, তাকে পাস দেখানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর গতকাল প্রথম আলোকে বলেন, ভুলে এমনটি হয়েছে। জানার সঙ্গে সঙ্গে ভুল সংশোধন করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার জন্য অধিদপ্তরের উপপরিচালক নবী হোসেন তালুকদারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে শিগগিরই প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মো. সাজ্জাদ ইসলাম সাকিব পরীক্ষা না দিয়েও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে যায়। আর একই বিদ্যালয়ের অপর এক ছাত্রী মিম মানতাসা পরীক্ষা দিয়েও ফেল করেছে। এ বিষয়টি জানাজানির পর এ নিয়ে সংশ্লিষ্টরা বিস্মিত হন।
২০১১ সালেও একই উপজেলার ভেলাগুড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ না করেও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাস দেখানো হয়েছিল এক ছাত্রীকে।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, ঘটনাটি জানা মাত্রই হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য জরুরি পত্র দেওয়া হয়েছে।