পরীক্ষা না দেওয়া সেই শিক্ষার্থীর ফল অবশেষে বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষা না দিয়েও ভর্তিযোগ্য হওয়ার খবরে তোলপাড় সৃষ্টি হওয়ার দুই দিন পর অবশেষে ভুল স্বীকার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। পাশাপাশি ওই শিক্ষার্থীর ফল বাতিল ও স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া দায়িত্বে গাফিলতি ও ভবিষ্যতে যেন আর এ ধরনের ঘটনা না ঘটে এ জন্য পরীক্ষার হল পরিদর্শকদের সতর্ক হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা না দিয়ে ভর্তিযোগ্য হওয়ার বিষয়টি একমাত্র আলোচ্যসূচি হিসেবে রেখে আজ বেলা তিনটায় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভা আহ্বান করা হয়। ভর্তি কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. আবদুল গনির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে ঘোষিত ফলাফল যাচাই-বাছাই করা হয়। পরে ফল প্রকাশে ভুল হওয়ার বিষয়টি স্বীকার করে জানানো হয়, ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। তাঁর রোল নম্বরটি আরেকজন শিক্ষার্থী ভুল করে পূরণ করেছেন। তাই তাঁর নাম ভর্তিযোগ্যদের তালিকায় চলে এসেছে। শিক্ষার্থীর রোল নম্বর সঠিকভাবে পূরণ করেছে কি না তা দেখে হল পরিদর্শকদের স্বাক্ষর করার কথা ছিল। তবে তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। তাই ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে এ জন্য পরিদর্শকদের সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। একপর্যায়ে ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবদুল গনি ভুলের জন্য কমিটির সদস্যদের কাছে দুঃখ প্রকাশ করেন।

গত শুক্রবার প্রথম আলোর পঞ্চম পৃষ্ঠায় ‘ভর্তি পরীক্ষা না দিয়েই ভর্তিযোগ্য!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হলেও ভর্তি কমিটি নির্বিকার ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনও কোনো পদক্ষেপ নেয়নি। শুক্র ও শনিবার এ প্রতিবেদক বেশ কয়েকবার মুঠোফোনে ও দেখা করে আসলে কী ঘটেছিল তা জানতে চাইলেও ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবদুল গনি কোনো ব্যাখ্যা না দিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন।

গত ১৮ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়। আর ২০ নভেম্বর রাতে পরীক্ষার ফল প্রকাশিত হয়। ঘোষিত ফলাফলে দেখা যায়, মো. আসিফুজ্জামান ইমন নামের এক শিক্ষার্থী পরীক্ষা না দিলেও ভর্তিযোগ্য হওয়ার তালিকায় তাঁর রোল নম্বর আছে। এমনকি তাঁর মুঠোফোনে ভর্তিযোগ্য হওয়ার বিষয়টি উল্লেখ করে ভর্তি কমিটির পক্ষ থেকে খুদেবার্তাও (এসএমএস) পাঠানো হয়। বিষয়টি কয়েকজন সাংবাদিক জানতে পেরে অনুসন্ধানে নামলে প্রথমে ভর্তি কমিটি ফলাফলের পিডিএফ কপি ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়। পরে বারবার যোগাযোগ করলেও বিষয়টির সুস্পষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে গতকাল শনিবার পর্যন্ত নির্বিকার থাকে।