পরীক্ষা বন্ধে এবার 'সুপার গ্লু' কৌশল ছাত্রলীগের
এবার ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মীদের ‘সুপার গ্লু’ (আঠা) কাণ্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের পরীক্ষা পণ্ড হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউটের পরীক্ষার হলসহ বিভিন্ন কক্ষে তালায় সুপার গ্লু লাগিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার হওয়া সংগঠনের এক কর্মীকে পরীক্ষার অনুমতি না দেওয়ায় তাঁর অনুসারীরা এ কাজ করেছেন বলে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে। এর আগে গত সোমবারও চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের এই পরীক্ষাটি হতে দেননি বহিষ্কৃত শিক্ষার্থী মোফাজ্জেল হায়দার হোসাইন ওরফে টাইগার মোফা। সেদিন তিনি নিজেই দলবল নিয়ে এসে পরীক্ষার হলে তালা ঝুলিয়ে দেন। ওই পরীক্ষা গতকাল হওয়ার কথা ছিল। মোফাজ্জেল চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বহিষ্কৃত শিক্ষার্থী নিজে পরীক্ষা দিতে পারছে না বলে অন্যদের পরীক্ষা দিতে দিচ্ছে না। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রক্টরিয়াল বডি সার্বিক ঘটনা জেনে যে সিদ্ধান্ত গ্রহণ করবে, তা বাস্তবায়ন করা হবে।
ছাত্রলীগের রাজনীতিতে মোফাজ্জেল চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ক্যাম্পাসে তিনি শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘সিক্সটি নাইন’ পক্ষের নেতা। গত বছরের ২ নভেম্বর ভর্তি পরীক্ষা চলাকালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মোফাজ্জেলকে রামদাতে শাণ দিতে দেখা যায়। পরদিন সে ছবি প্রথম আলোতে প্রকাশিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে এক বছরের জন্য বহিষ্কার করে।
চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘প্রথম দিনের পরীক্ষায় ঝামেলা হওয়ায় আমরা প্রক্টরের কাছে পুলিশ চেয়েছিলাম। প্রক্টর পুলিশ পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু পুলিশ জোরালো পদক্ষেপ নেয়নি বলে পরীক্ষা হয়নি।’ তিনি বলেন, পরীক্ষা নেওয়ার জন্য অনেক দিন ধরে প্রক্রিয়া চলে। তখন মোফাজ্জেলের পক্ষে কেউ কিছু বলেনি। হঠাৎ করে গত সোমবার কিছু শিক্ষার্থী এসে পরীক্ষাকক্ষে তালা ঝুলিয়ে দেয়। গতকালও তারা তালায় সুপার গ্লু লাগিয়ে পরীক্ষা নিতে বাধা দিল।
নাম না প্রকাশের শর্তে চারুকলা দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থীরা বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে ছাত্রলীগের সিক্সটি নাইন পক্ষের ৪০-৪৫ জন ছাত্র এসে ইনস্টিটিউটের বিভিন্ন কক্ষের তালায় সুপার গ্লু লাগিয়ে দেন। তাঁরা চারুকলা ইনস্টিটিউটের মূল ফটকে অবস্থান নিয়ে ৭০ জন পরীক্ষার্থী ও শিক্ষার্থীর প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘ছাত্ররাজনীতির কারণে এভাবে পরীক্ষা স্থগিত হোক, আমরা চাই না। আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে চাই।’ আরেক ছাত্রী বলেন, ‘একজন বহিষ্কৃত ছাত্রের জন্য আমরা আতঙ্কের মুখে আছি।’
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, অবৈধ বহিষ্কারাদেশের কারণে মোফাজ্জেল পরীক্ষা দিতে না পারলে চারকলা ইনস্টিটিউটে কোনো পরীক্ষা হতে দেওয়া হবে না।