পরীক্ষা শেষ করা হলো না অ্যাসিডদগ্ধ তাহমিনার
বাঁ চোখটা এখনো টকটকে লাল। অঝোরে পানি পড়ছে। শরীরের বিভিন্ন জায়গায় অ্যাসিডের জখম। এমন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তাহমিনা আক্তার।
হবিগঞ্জে নিজ বাড়িতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার তাহমিনার আর এসএসসি পরীক্ষা শেষ করা হলো না।
গতকাল মঙ্গলবার বার্ন ইউনিটের মহিলা ওয়ার্ডে কথা হয় তাহমিনার সঙ্গে। ঘোমটা দিয়ে হাসপাতালের বিছানায় বসেছিল সে। কোথায় পুড়েছে জানতে চাইলে ঘোমটা সরায়। কাঁধটা পুড়ে মাংস বেরিয়ে আছে।
তাহমিনার স্বজনদের অভিযোগ, হাবিব নামে মধ্যবয়সী এক ব্যক্তির বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হতে হয়েছে। হাবিবের বাড়ি সুনামগঞ্জে। তাহমিনাকে বিয়েতে রাজি করাতে একই গ্রামের তারাজের সঙ্গে যোগসাজশ করেছিল হাবিব। পথেঘাটে উত্ত্যক্তও করত। শেষ পর্যন্ত রাজি করাতে না পেরে হাবিব ও তারাজ অ্যাসিড ছুড়েছে। গভীর রাতে রান্নাঘরের দরজা ভেঙে ঢুকে এ ঘটনা ঘটায় তারা। পুলিশ তারাজকে গ্রেপ্তার করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালাম বলেন, অবস্থার উন্নতি হলে তাহমিনার অস্ত্রোপচার করতে হবে।
তাহমিনার মামা মো.মানিক মিয়া বলেন, তাঁর নিজের আট সন্তান। তাহমিনার বাবা পাঁচ বছর আগে মারা গেছেন। সেই থেকে তিনি তাহমিনার দেখাশোনা করছেন। তাহমিনা যেন লেখাপড়া শেষ করতে পারে সে চেষ্টা করেছেন, এখনো করবেন।
স্থানীয় সাংসদ কেয়া চৌধুরী নিয়মিত তাহমিনার খোঁজখবর রাখছেন বলে জানান তাহমিনার স্বজনেরা।