যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির মৌখিক পরীক্ষা চলাকালে ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার হয়েছেন এক ছাত্র। তাঁকে টেনেহিঁচড়ে পরীক্ষাকক্ষ থেকে বের করা হয়। পরে হকিস্টিক দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়।
ওই ছাত্রকে রক্ষায় এগিয়ে গেলে স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রক্টরও হামলার শিকার হন। তাঁরা সামান্য আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের নাম অন্তর দে (২১)। বাড়ি যশোর শহরের ষষ্টীতলাপাড়ায়। তিনি পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তাঁকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অন্তর শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে অপেক্ষমাণ তালিকায় ছিলেন। গতকাল ভর্তি হতে স্বাস্থ্য অনুষদের তৃতীয় তলায় সাক্ষাৎকার দিতে যান। দুপুর ১২টার দিকে অন্তর ওই বোর্ডে হাজির হন। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসেন। ছাত্রলীগের কর্মীরা তাঁকে হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম করেন। এ ছাড়া তাঁর ডান হাতে ছুরি দিয়ে আঘাত করা হয়। ঠেকাতে গিয়ে স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন নাসিম রেজা, চেয়ারম্যান জাফিরুল ইসলাম ও প্রক্টর মসিউর রহমান সামান্য আহত হয়েছেন। পরে শিক্ষকেরা অন্তরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলে দেন।
হাসপাতালে চিকিৎসাধীন অন্তর দে প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হাসান দুই-তিন দিন ধরে হুমকি দিয়ে আসছিলেন, আমি যেন ভর্তি হতে না যাই। ভর্তি হতে গেলে ক্যাম্পাসে আমার লাশ ফেলে দেওয়া হবে। আমি নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে গিয়েছিলাম। কিন্তু আমার কথা কেউ শোনেননি।’
অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম বলেন, ‘অন্তরকে হুমকি দেওয়ার অভিযোগ বানোয়াট। সে সন্ত্রাসী। ক্যাম্পাসে গেলে আমাদের ছেলেরা তার কাছে পরিচয় জানতে চায়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে কেউ চড়-থাপ্পড় দিয়ে থাকতে পারে।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার বলেন, ভর্তির মৌখিক পরীক্ষা চলাকালে কক্ষে ঢুকে ভর্তি-ইচ্ছুক ওই ছাত্রকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা এ বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম ঘটল। এ ঘটনায় শিক্ষকেরা উদ্বিগ্ন। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রক্টর মশিউর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে হামলার একটি ঘটনা ঘটেছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।