পরীক্ষাকক্ষে ঢুকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে তার সহপাঠী ও বহিরাগতরা। গতকাল বুধবার সকালে কলেজের দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলেজের কয়েকজন শিক্ষক জানান, সকাল ১০টায় দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী (প্রি-টেস্ট) পরীক্ষা শুরু হয়। ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পর সাকিব আহমেদ (১৭) পরীক্ষাকক্ষে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর কলেজের পোশাক পরা দুই শিক্ষার্থীসহ আরও পাঁচ-ছয়জন যুবক রামদা নিয়ে ওই কক্ষে প্রবেশ করে। তাদের দেখে সাকিব দৌড়ে পালানোর চেষ্টা করলে তার পিঠে, বুকে, হাতেসহ একাধিক স্থানে কুপিয়ে জখম করে হামলাকারীরা। শিক্ষকেরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
সাকিেবর গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রাণীগাছে।
পরীক্ষাকক্ষে কর্তব্যরত শিক্ষক মোশাররফ হোসেন বলেন, সাকিবের ওপর হামলার সময় অন্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরীক্ষা যথারীতি শেষ হয়েছে।
একাধিক শিক্ষার্থী বলেছে, ব্যবসা শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম ওরফে মিশু ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেনের নেতৃত্বে এ হামলা হয়।
এ ব্যাপারে কথা বলতে গতকাল বিকেলে ওই দুই শিক্ষার্থীর মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। সাকিবের বাবা ব্রাহ্মণপাড়া উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক নোয়াব মিয়া বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও দ্বন্দ্ব রয়েছে কি না জানা নেই।’
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হয়েছে।