পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে গতকাল রোববার সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে।
এ ছাড়া দাবি আদায়ে পরীক্ষার্থীরা মিছিল নিয়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দেয়। ইউএনও শামীম আলম স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করেছেন।
আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ইমতিয়াজ হাসান, শরিফুল ইসলাম, ফাতিমা খাতুন প্রমুখ অভিযোগ করে, দীর্ঘদিন ধরে এই সরকারি কলেজের পরীক্ষার্থীদের বিজ্ঞান কলেজে এবং বিজ্ঞান কলেজের পরীক্ষার্থীদের এই সরকারি কলেজে কেন্দ্র পড়ছে। এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ফলাফল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এরই জের ধরে সরকারি কলেজের পরীক্ষার্থীরা বিজ্ঞান কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারা মানসিক হয়রানির শিকার হয়। এ বছর বিজ্ঞান কলেজ কর্তৃপক্ষ কেন্দ্র বদলে হামিদা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে নেয়। কিন্তু সরকারি কলেজ কেন্দ্র আগের মতোই বিজ্ঞান কলেজে রয়েছে। এতে এবার সরকারি কলেজের পরীক্ষার্থীরা বিজ্ঞান কলেজের শিক্ষকদের দ্বারা আরও বেশি হয়রানির আশঙ্কা করছে। এ অবস্থায় তারা কেন্দ্র পাল্টানোর দাবি জানায়। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় দাবি আদায়ে তারা তালা ঝুলিয়ে দেয়। পরে কেন্দ্র পরিবর্তনের আশ্বাস পেয়ে তিন ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ শাহাদোত জামান সরকার বলেন, পরীক্ষার্থীদের দাবির বিষয়ে শিগগিরই বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।