পরীক্ষাকেন্দ্রে আগুন সচিবকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার খাতায় আগুন দেওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার অধ্যক্ষকে কেন্দ্রসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় অধ্যক্ষ রইচ উদ্দিনের কক্ষে রাখা খাতাভর্তি বাক্সে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ১৪০টি খাতা আংশিকভাবে পুড়ে যায়। ওই রাতেই তাঁকে কেন্দ্রসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হককে কেন্দ্রসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধানগড়া মহিলা দাখিল মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি শরিফ-উল আলম খন্দকার বলেন, মাদ্রাসার কেন্দ্রে আগুন দিয়ে এক অপশক্তি শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
অব্যাহতিপ্রাপ্ত রইচ উদ্দিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এ কে এম জহুরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনিকভাবে খাতায় আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ বলেন, নাশকতার এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।